প্রতি ১জন অনিয়মিত বাংলাদেশিকে ফেরত নিলে, বিনিময়ে ১জনকে নিয়মিত পথে নেবে ইতালি
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস গত মঙ্গলবার ইতালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাঙালিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ছবি- সংগৃহীত।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ইটালি সরকার বাংলাদেশকে এমন প্রস্তাব দিয়েছে যে অনিয়মিত পথে আসা একজন বাংলাদেশিকে ফেরত নিলে, বিনিময়ে একজন নতুন বাংলাদেশিকে নিয়মিত পথে আসার সুযোগ দেওয়া হবে। এই প্রস্তাব নিয়ে আলোচনা এখনও চলমান।
প্রধান উপদেষ্টা মঙ্গলবার রোমে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান। এর আগে সোমবার তিনি রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সঙ্গে দেখা করেন। সাক্ষাৎকালে মেয়র রবার্তো গুয়ালতিয়েরি বাংলাদেশিদের কঠোর পরিশ্রম, দক্ষতা ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসা করেন এবং বলেন, তারা রোম শহরের একটি মূল্যবান অংশ হিসেবে অবদান রাখছেন।
অধ্যাপক ইউনূস জানান, ইটালিতে বসবাসরত বাংলাদেশিদের সমস্যাগুলো নিয়ে মেয়রের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে যারা ভিসা পেয়েছিলেন, কিন্তু পুনর্নবীকরণ হয়নি, তাদের বিষয়টিও তোলা হয়েছে। রোমের মেয়র জানিয়েছেন, বাংলাদেশিরা ইটালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের সম্মানের সঙ্গে রাখা হবে। তবে কিছু সমস্যাও রয়েছে, যেমন অনিয়মিত পথে আসা কিছু বাংলাদেশি ভেজাল কাগজপত্রসহ প্রবেশ করছে, যা সমাধানের প্রয়োজন।
ইটালির প্রস্তাব অনুযায়ী, একজন অনিয়মিতভাবে আসা বাংলাদেশিকে ফেরত নিলে একজন নতুন বাংলাদেশিকে নিয়মিত পথে আনা হবে। অধ্যাপক ইউনূস বলেন, “এটি আন্তর্জাতিক আইন এবং ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে হবে। আমরা চেষ্টা করছি যাতে বিষয়টি পরিষ্কারভাবে পরিচালিত হয়।”
ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ১৪ অক্টোবর পর্যন্ত দেশটিতে অনিয়মিত পথে আসা আশ্রয়প্রার্থীর সংখ্যা ৫৪ হাজার ৩৮০। এর মধ্যে সর্বোচ্চ ১৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছেন মিশরীয়রা, এরপর ইরিত্রিয়া, পাকিস্তান ও সুদান।
প্রধান উপদেষ্টা আরও বলেন, অনিয়মিত পথে আসা বাংলাদেশিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা হচ্ছে। তাদের তাড়িয়ে দেওয়াটা কোনো সমাধান নয়; বরং সঠিক পথে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া তিনি ইটালির ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে কয়েক দফা সাক্ষাৎও করেছেন এবং ডিসেম্বরে চতুর্থ সাক্ষাৎ হবে।
অধ্যাপক ইউনূস প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “অভ্যুত্থানের সময় সরকার টিকে থাকার জন্য রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রেমিট্যান্স ছাড়া এই সরকার টিকে থাকা বড় চ্যালেঞ্জ হতো।”
ইতালির রোমে দুই দিনের সফর শেষে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশে ফিরে আসেন। তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণের পর রোমে পৌঁছেছিলেন।













