বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, সারাদেশে বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার নিয়েছে। এর প্রভাবে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ বর্তমানে উড়িষ্যা-অন্ধ্র উপকূলের কাছে অবস্থান করছে এবং তা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ এখন উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা হয়ে লঘুচাপের কেন্দ্র অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। যদিও দেশের ওপর মৌসুমি বায়ু কিছুটা দুর্বল, তবে উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল আকারে সক্রিয় রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার থেকে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে এবং রংপুর, রাজশাহী ও ঢাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বহু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পরিস্থিতি সোমবার (২৯ সেপ্টেম্বর)ও অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। ওইদিন সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।













