মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:১৫ পিএম
রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এটি কোনো আনুষ্ঠানিক সংযোগ নয়, বরং পরীক্ষামূলকভাবে সীমিত সময়ের জন্য গ্রিডে যুক্ত করা হয়েছে। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে চলতি মাসের ২১ নভেম্বর বা মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেনসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পরবর্তীতে বিভিন্ন কারিগরি পরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে কেন্দ্রটির প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের কারিগরি জটিলতা দেখা দিলে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষা শেষে কেন্দ্রটি আবার বন্ধ রেখে পরবর্তী ধাপের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

উল্লেখ্য, রাশিয়ার সহযোগিতায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হচ্ছে ২৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি, যেখানে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। ২০১৩ সালের ২ অক্টোবর এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল।

 

রাজধানীর মহাখালীতে বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ এম
রাজধানীর মহাখালীতে বাসে আগুন

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তবে কীভাবে বাসে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে মিরপুরে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫২ এম
টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে এবং রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা ও সহিংসতা চলছিল।

স্থানীয় সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর নাশকতার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে একপর্যায়ে নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। এরপর হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয়।

ঘটনার বিষয়ে জানতে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি।

 

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫০ এম
গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হামলার সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া তারা বিভিন্ন সড়কে অস্ত্র হাতে মহড়া দিচ্ছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করে এবং আটককৃতদের ছিনিয়ে নেয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর গতিরোধ করেন নেতাকর্মীরা। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়।

এসব সহিংসতার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক