সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিন বন্ধুর মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে ধাক্কা লেগে এক স্কুলছাত্রসহ তিন বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজারসংলগ্ন নতুন সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭), আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) এবং রফিকুল ইসলামের ছেলে শামীম (২২)। নিহতদের মধ্যে আব্দুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং শাহাদাত ইটভাটার শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা শেষে আব্দুল করিম তার দুই বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে করে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার সমুদ্রসৈকতে ঘুরতে যাচ্ছিলেন। পথে কাঞ্চন বাজারসংলগ্ন নতুন সেতু পার হওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, আব্দুল করিম বৃহস্পতিবার দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিল। পরে পরিবারের অজান্তে দুই বন্ধুকে নিয়ে আলেকজান্ডার সমুদ্রসৈকতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ও নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।







