পাবনায় হাটের ইজারা নিয়ে গুলিবর্ষণে বিএনপি নেতাসহ দুইজন নিহত
পাবনার আতাইকুলায় ঐতিহাসিক পুষ্পপাড়া হাটের ইজারা সংক্রান্ত শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে ইউনিয়ন বিএনপি নেতাসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পাবনা সদর উপজেলার আতাইকুলা থানাধীন পুষ্পপাড়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আতাইকুলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন মোল্লা প্রামাণিক (৩৮) এবং পুষ্পপাড়া হাটের মূল ইজারাদার আব্দুস সালাম (৫০)। তাঁরা উভয়েই দীর্ঘদিন ধরে যৌথভাবে পুষ্পপাড়া হাটের ইজারাদারি পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় পুষ্পপাড়া হাটে দুজনে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র মুখোশধারী দুর্বৃত্ত এসে পেছন থেকে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ইজারা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।













