শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর বিমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম
যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর বিমান

জাপান থেকে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে যাত্রা করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

এর আগে সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন বিলম্বিত হচ্ছে। ত্রুটি মেরামতে বিমান সংস্থাটির উড্ডয়নকর্মী ও প্রকৌশলীরা কাজ করছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানোর কথা জানায় কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার জাপান সফর শেষে ঢাকায় ফেরার প্রস্তুতির সময় প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট ত্রুটির কারণে যাত্রা বিলম্বের বিষয়টি জানান। এ সময় তিনি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

 

হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম
হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

হ্যালোইন উৎসবকে ঘিরে ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সারা দেশে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সাঁজোয়া যান ও জলকামানসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হবে। গত সপ্তাহের বিক্ষোভ দমনের সময়ও এসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান আন্দোলনের কয়েকটি কর্মসূচি ইতোমধ্যে লুটপাট ও দাঙ্গায় রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে হ্যালোইনের দিন নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এক সংবাদ সম্মেলনে নুনেজ বলেন, ‘৩১ অক্টোবর জনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার অত্যন্ত উচ্চ ঝুঁকি রয়েছে।’ তিনি জানান, গত সপ্তাহের মতো এবারও প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ ধরনের বড় পরিসরের মোতায়েনকে তিনি ‘ব্যতিক্রমী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, গত শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, ওই বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ ছিল।

এ ছাড়া এর আগের সপ্তাহে অনুষ্ঠিত বিক্ষোভের ঘটনায় ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হ্যালোইন উৎসব ঘিরে সম্ভাব্য বিক্ষোভ, লুটপাট ও সহিংসতা মোকাবিলায় এবার ফ্রান্সজুড়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে দেশটির কর্তৃপক্ষ।

দ্রব্যমূল্য, জ্বালানি ও নিরাপত্তা নিয়ে শাহবাগে বিক্ষোভের ডাক হাসনাতের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৪৮ এম
দ্রব্যমূল্য, জ্বালানি ও নিরাপত্তা নিয়ে শাহবাগে বিক্ষোভের ডাক হাসনাতের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা ও আইনের শাসন নিয়ে উদ্বেগ জানিয়ে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের প্রতিবাদেও এ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচির ঘোষণা দেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষ নিজের অসন্তোষ প্রকাশ করতেও নিরাপত্তাহীনতায় ভুগছে। তাঁর দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই একাধিকবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা জনদুর্ভোগ বাড়িয়েছে।

হাসনাত আরও বলেন, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, লুটতরাজ ও সড়কে ভীতিকর পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা এবং সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লড়াই অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

ফুটপাতে শ্রমিকের মৃ‍‍`ত্যু: দুই হাজার টাকার মুচলেকায় সেই কিশোরের জামিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৪৬ এম
ফুটপাতে শ্রমিকের মৃ‍‍`ত্যু: দুই হাজার টাকার মুচলেকায় সেই কিশোরের জামিন

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে আটক ১৭ বছর বয়সী কিশোরকে দুই হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। গুরুতর শারীরিক অসুস্থতা, উন্নত চিকিৎসার প্রয়োজন, শিশু উন্নয়ন কেন্দ্রে অতিরিক্ত বন্দীর চাপ এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আদেশ দেওয়া হয়।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক উভয় পক্ষের শুনানি শেষে কিশোরটির জামিন মঞ্জুর করেন। তার বাবা ও একজন আইনজীবীর জিম্মায় জামিন দেওয়া হয়েছে।

আদালতের আদেশে বলা হয়, শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা অবস্থায় কিশোরটির শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। তার বিশেষায়িত চিকিৎসা, নিবিড় পর্যবেক্ষণ ও সার্বক্ষণিক পরিচর্যা প্রয়োজন। কিন্তু টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের অনুমোদিত ধারণক্ষমতা ৩০০ জন হলেও সেখানে বর্তমানে ১ হাজার ১৯ জন শিশু রয়েছে। জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এ ছাড়া কেন্দ্রে অবস্থানকালে কিশোরটির শৃঙ্খলাবোধ ও আচার-ব্যবহার সন্তোষজনক ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রে তার পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টিও উঠে আসে। এসব বিবেচনায় তার সর্বোত্তম স্বার্থ ও মানবিক দিককে গুরুত্ব দিয়ে আদালত জামিনের সিদ্ধান্ত নেন।

শিশু উন্নয়ন কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, গত ১৮ অক্টোবর কিশোরটির তীব্র জ্বর ও অতিরিক্ত বমি শুরু হয়। প্রথমে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়।

চিকিৎসার নথিতে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ, মাথায় আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া শ্রবণশক্তি হারানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পরীক্ষায় রক্তে সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা ৪ দশমিক ৩ মিলিগ্রাম/ডেসিলিটার এবং সিরাম বিলিরুবিনের মাত্রা ৫ দশমিক ৪ মিলিগ্রাম/ডেসিলিটার পাওয়া যায়। আদালতের পর্যবেক্ষণে এসব ফলাফল কিডনি ও যকৃতের কার্যকারিতা নিয়ে গুরুতর জটিলতার আশঙ্কা নির্দেশ করে।

গত ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার উঠে গেলে নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে। এ ঘটনায় নিহতের ভাই মোক্তাদীর ইসলাম গুলশান থানায় মামলা করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত কিশোর ঢাকার গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী। দুর্ঘটনার পর উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। প্রথমে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হলেও পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ার কথা জানায় পুলিশ। এরপর গত ২৪ সেপ্টেম্বর আদালতের নির্দেশে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

সেদিনই তার পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। পরবর্তী শুনানিতে কিশোরটির আইনজীবী দাবি করেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা তাকে মারধর করে এবং গুরুতর আহত অবস্থায়ও যথাযথ চিকিৎসা পায়নি। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এবার জামিন মঞ্জুর করেন।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক