ইনানী সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, ১৫ জন উদ্ধার
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে প্রবল স্রোতে ভেসে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর শান্ত (১২) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্রোতে ভেসে যাওয়া আরও ১৫ শিক্ষক-শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড, পুলিশ ও বিচকর্মীরা যৌথ অভিযান চালিয়ে সৈকতের উত্তর পয়েন্ট থেকে শান্তর মরদেহ উদ্ধার করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের ৯ নম্বর গোরান এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম ও ধানমন্ডির ফয়েজুল উলুম মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সৈকতে বেড়াতে আসে। সেখানে ফুটবল খেলার পর ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সমুদ্রে গোসলে নামলে হঠাৎ প্রবল স্রোতের টানে ভেসে যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন, বিচকর্মী, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তাৎক্ষণিকভাবে ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিল শান্ত। পরে প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ইনানী বিচকর্মী বেলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকর্মীরা যৌথভাবে অভিযান শুরু করেন। ১৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও শান্তকে বাঁচানো সম্ভব হয়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।













