শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পিএম
উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিলুফা ইয়াসমিন নামার চর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের দোলন গ্রামের নুর ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের সংসারে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গত বুধবার রাতেও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় বলে জানা গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বৃহস্পতিবার সকালে স্বজন ও স্থানীয়রা শয়নকক্ষের বিছানায় নিলুফার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আলমগীর হোসেন ও তাঁর মা আত্মগোপনে রয়েছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

অক্টোবরে ২৮ দিনে রেমিট্যান্স এল ২৬৫ কোটি ডলার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম
অক্টোবরে ২৮ দিনে রেমিট্যান্স এল ২৬৫ কোটি ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা।

প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে গতি সঞ্চার করছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের অক্টোবরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চলতি বছরের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩১ কোটি ৬০ লাখ ডলার।

শতকরা হিসাবে চলতি বছরের অক্টোবরের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।

খাতসংশ্লিষ্ট ব্যাংকার ও অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং চ্যানেলে ডলারের আনুষ্ঠানিক বিনিময় হার এবং সেবার মান উন্নত হওয়ায় প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে বেশি আগ্রহী হচ্ছেন।

তাঁদের ধারণা, হুন্ডি প্রতিরোধে নজরদারি জোরদার এবং প্রবাসী আয়ের লেনদেনে স্বচ্ছতা বাড়ানোর ফলে রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি বজায় রয়েছে। অর্থবছরের প্রথম চার মাসে, অর্থাৎ ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট এক হাজার ১২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ৯৯২ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।

হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম
হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

হ্যালোইন উৎসবকে ঘিরে ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সারা দেশে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সাঁজোয়া যান ও জলকামানসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হবে। গত সপ্তাহের বিক্ষোভ দমনের সময়ও এসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান আন্দোলনের কয়েকটি কর্মসূচি ইতোমধ্যে লুটপাট ও দাঙ্গায় রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে হ্যালোইনের দিন নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এক সংবাদ সম্মেলনে নুনেজ বলেন, ‘৩১ অক্টোবর জনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার অত্যন্ত উচ্চ ঝুঁকি রয়েছে।’ তিনি জানান, গত সপ্তাহের মতো এবারও প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ ধরনের বড় পরিসরের মোতায়েনকে তিনি ‘ব্যতিক্রমী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, গত শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, ওই বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ ছিল।

এ ছাড়া এর আগের সপ্তাহে অনুষ্ঠিত বিক্ষোভের ঘটনায় ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হ্যালোইন উৎসব ঘিরে সম্ভাব্য বিক্ষোভ, লুটপাট ও সহিংসতা মোকাবিলায় এবার ফ্রান্সজুড়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে দেশটির কর্তৃপক্ষ।

দ্রব্যমূল্য, জ্বালানি ও নিরাপত্তা নিয়ে শাহবাগে বিক্ষোভের ডাক হাসনাতের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৪৮ এম
দ্রব্যমূল্য, জ্বালানি ও নিরাপত্তা নিয়ে শাহবাগে বিক্ষোভের ডাক হাসনাতের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা ও আইনের শাসন নিয়ে উদ্বেগ জানিয়ে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের প্রতিবাদেও এ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচির ঘোষণা দেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষ নিজের অসন্তোষ প্রকাশ করতেও নিরাপত্তাহীনতায় ভুগছে। তাঁর দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই একাধিকবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা জনদুর্ভোগ বাড়িয়েছে।

হাসনাত আরও বলেন, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, লুটতরাজ ও সড়কে ভীতিকর পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা এবং সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লড়াই অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক