শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

তাহসিফের ময়নাতদ’ন্ত সম্পন্ন, জানাজা বাদ আসর

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম
তাহসিফের ময়নাতদ’ন্ত সম্পন্ন, জানাজা বাদ আসর

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহটি উত্তরার বাসায় নিয়ে যান।

বৃহস্পতিবার বাদ আসর উত্তরার ১৮ নম্বর সেক্টর জামে মসজিদে তাহসিফের জানাজা অনুষ্ঠিত হবে। পরে ১২ নম্বর সেক্টরের গোরস্থানে তাকে দাফন করা হবে।

নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের (২৮) মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় তাহসিফের খালাতো ভাই জহির হাসান মরদেহটি শনাক্ত করেন।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে তাহসিফের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। তবে তার নাক দিয়ে রক্ত বের হওয়া এবং পেট ফোলা থাকার বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম
হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

হ্যালোইন উৎসবকে ঘিরে ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সারা দেশে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সাঁজোয়া যান ও জলকামানসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হবে। গত সপ্তাহের বিক্ষোভ দমনের সময়ও এসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান আন্দোলনের কয়েকটি কর্মসূচি ইতোমধ্যে লুটপাট ও দাঙ্গায় রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে হ্যালোইনের দিন নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এক সংবাদ সম্মেলনে নুনেজ বলেন, ‘৩১ অক্টোবর জনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার অত্যন্ত উচ্চ ঝুঁকি রয়েছে।’ তিনি জানান, গত সপ্তাহের মতো এবারও প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ ধরনের বড় পরিসরের মোতায়েনকে তিনি ‘ব্যতিক্রমী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, গত শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, ওই বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ ছিল।

এ ছাড়া এর আগের সপ্তাহে অনুষ্ঠিত বিক্ষোভের ঘটনায় ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হ্যালোইন উৎসব ঘিরে সম্ভাব্য বিক্ষোভ, লুটপাট ও সহিংসতা মোকাবিলায় এবার ফ্রান্সজুড়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে দেশটির কর্তৃপক্ষ।

দ্রব্যমূল্য, জ্বালানি ও নিরাপত্তা নিয়ে শাহবাগে বিক্ষোভের ডাক হাসনাতের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৪৮ এম
দ্রব্যমূল্য, জ্বালানি ও নিরাপত্তা নিয়ে শাহবাগে বিক্ষোভের ডাক হাসনাতের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা ও আইনের শাসন নিয়ে উদ্বেগ জানিয়ে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের প্রতিবাদেও এ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচির ঘোষণা দেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষ নিজের অসন্তোষ প্রকাশ করতেও নিরাপত্তাহীনতায় ভুগছে। তাঁর দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই একাধিকবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা জনদুর্ভোগ বাড়িয়েছে।

হাসনাত আরও বলেন, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, লুটতরাজ ও সড়কে ভীতিকর পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা এবং সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লড়াই অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

ফুটপাতে শ্রমিকের মৃ‍‍`ত্যু: দুই হাজার টাকার মুচলেকায় সেই কিশোরের জামিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৪৬ এম
ফুটপাতে শ্রমিকের মৃ‍‍`ত্যু: দুই হাজার টাকার মুচলেকায় সেই কিশোরের জামিন

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে আটক ১৭ বছর বয়সী কিশোরকে দুই হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। গুরুতর শারীরিক অসুস্থতা, উন্নত চিকিৎসার প্রয়োজন, শিশু উন্নয়ন কেন্দ্রে অতিরিক্ত বন্দীর চাপ এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আদেশ দেওয়া হয়।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক উভয় পক্ষের শুনানি শেষে কিশোরটির জামিন মঞ্জুর করেন। তার বাবা ও একজন আইনজীবীর জিম্মায় জামিন দেওয়া হয়েছে।

আদালতের আদেশে বলা হয়, শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা অবস্থায় কিশোরটির শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। তার বিশেষায়িত চিকিৎসা, নিবিড় পর্যবেক্ষণ ও সার্বক্ষণিক পরিচর্যা প্রয়োজন। কিন্তু টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের অনুমোদিত ধারণক্ষমতা ৩০০ জন হলেও সেখানে বর্তমানে ১ হাজার ১৯ জন শিশু রয়েছে। জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এ ছাড়া কেন্দ্রে অবস্থানকালে কিশোরটির শৃঙ্খলাবোধ ও আচার-ব্যবহার সন্তোষজনক ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রে তার পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টিও উঠে আসে। এসব বিবেচনায় তার সর্বোত্তম স্বার্থ ও মানবিক দিককে গুরুত্ব দিয়ে আদালত জামিনের সিদ্ধান্ত নেন।

শিশু উন্নয়ন কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, গত ১৮ অক্টোবর কিশোরটির তীব্র জ্বর ও অতিরিক্ত বমি শুরু হয়। প্রথমে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়।

চিকিৎসার নথিতে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ, মাথায় আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া শ্রবণশক্তি হারানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পরীক্ষায় রক্তে সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা ৪ দশমিক ৩ মিলিগ্রাম/ডেসিলিটার এবং সিরাম বিলিরুবিনের মাত্রা ৫ দশমিক ৪ মিলিগ্রাম/ডেসিলিটার পাওয়া যায়। আদালতের পর্যবেক্ষণে এসব ফলাফল কিডনি ও যকৃতের কার্যকারিতা নিয়ে গুরুতর জটিলতার আশঙ্কা নির্দেশ করে।

গত ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার উঠে গেলে নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে। এ ঘটনায় নিহতের ভাই মোক্তাদীর ইসলাম গুলশান থানায় মামলা করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত কিশোর ঢাকার গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী। দুর্ঘটনার পর উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। প্রথমে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হলেও পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ার কথা জানায় পুলিশ। এরপর গত ২৪ সেপ্টেম্বর আদালতের নির্দেশে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

সেদিনই তার পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। পরবর্তী শুনানিতে কিশোরটির আইনজীবী দাবি করেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা তাকে মারধর করে এবং গুরুতর আহত অবস্থায়ও যথাযথ চিকিৎসা পায়নি। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এবার জামিন মঞ্জুর করেন।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক