বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহটি উত্তরার বাসায় নিয়ে যান।
বৃহস্পতিবার বাদ আসর উত্তরার ১৮ নম্বর সেক্টর জামে মসজিদে তাহসিফের জানাজা অনুষ্ঠিত হবে। পরে ১২ নম্বর সেক্টরের গোরস্থানে তাকে দাফন করা হবে।
নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের (২৮) মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় তাহসিফের খালাতো ভাই জহির হাসান মরদেহটি শনাক্ত করেন।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে তাহসিফের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। তবে তার নাক দিয়ে রক্ত বের হওয়া এবং পেট ফোলা থাকার বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।