মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাদারীপুরে তাইজুল হত্যা: অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম
মাদারীপুরে তাইজুল হত্যা: অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলায় তাইজুল সরদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের লোকজন বোমা বিস্ফোরণ ঘটিয়ে অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২২ অক্টোবর সকালে তাইজুল সরদার নামে এক ব্যক্তি খুন হন। এ হত্যাকাণ্ডের পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এর ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকায় হামলা চালায়। হামলার শিকার বাড়িগুলোর মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আতঙ্ক ছড়াতে হামলাকারীরা বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশ সুপার মহোদয়ের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে কোনো মামলা দায়ের না হলেও আমাদের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জ্বালানি খাতে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:৫৬ পিএম
জ্বালানি খাতে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

বাংলাদেশের জ্বালানি খাতে সহায়তা দিতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে, বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশের প্রতি জাপানের গভীর সমর্থন রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরকেন্দ্রিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী টোকিও।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় এবং তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

সৌদি আরব ছাড়তে মার্কিন নাগরিকদের নতুন নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:৫২ পিএম
সৌদি আরব ছাড়তে মার্কিন নাগরিকদের নতুন নির্দেশ

সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেশটিতে কর্মরত অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রথম এ বিষয়ে নির্দেশনা জারি করে। এর ধারাবাহিকতায় আবারও নাগরিকদের সতর্ক করল দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের আগে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিবৃতিতে আরও জানানো হয়, দেশটির বিমানবন্দরগুলো লক্ষ্য করে নতুন করে হামলা হতে পারে। পাশাপাশি আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে।

এসব ঝুঁকি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ভ্রমণ পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অনলাইন টিকিটের কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এম
অনলাইন টিকিটের কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী

অনলাইনে ট্রেনের টিকিট কিনে অন্যের কাছে বেশি দামে বিক্রি করা ঠেকানো কঠিন বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং অনলাইন ব্যবস্থায় নতুন প্রযুক্তিগত পদক্ষেপ যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, অনলাইনে টিকিট বিক্রি শুরুর সময় একসঙ্গে লাখ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। এতে ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি হয়, ফলে অনেক সাধারণ যাত্রী টিকিট পাওয়া থেকে বঞ্চিত হন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, ঈদের সময় প্রতিদিন ৩২ হাজার টিকিটের বিপরীতে ৩৬ থেকে ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। এত বিপুলসংখ্যক মানুষের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা সীমিত হওয়ায় সংকট তৈরি হয়।

রেলমন্ত্রী বলেন, একজন যাত্রী অনলাইনে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন। আবার ১০ জন মিলে টিকিট কিনলে তাঁদের কাছে মোট ৪০টি টিকিট থাকতে পারে। পরে এসব টিকিট বেশি দামে বিক্রির প্রবণতা দেখা যায়। অনলাইনে কেনা টিকিট অন্যের কাছে হস্তান্তর করে বিক্রি ঠেকানো কঠিন হয়ে পড়ছে।

টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনলাইনে আগে প্রবেশ করলে আগে টিকিট কেনার সুযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত করেও টিকিট বিক্রির প্রক্রিয়ায় অনিয়মের সত্যতা পাওয়া যায়নি। তবে বর্তমান ব্যবস্থাকে পুরোপুরি ত্রুটিমুক্ত বলছেন না তিনি।

রেলমন্ত্রী জানান, টিকিট বিক্রির ব্যবস্থায় থাকা ত্রুটিগুলো পর্যায়ক্রমে দূর করার চেষ্টা চলছে। একই সঙ্গে কালোবাজারি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং সফটওয়্যারে নতুন ব্যবস্থা যুক্ত করার বিষয়েও কাজ করা হচ্ছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক