মাদারীপুরের কালকিনি উপজেলায় তাইজুল সরদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের লোকজন বোমা বিস্ফোরণ ঘটিয়ে অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২২ অক্টোবর সকালে তাইজুল সরদার নামে এক ব্যক্তি খুন হন। এ হত্যাকাণ্ডের পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এর ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকায় হামলা চালায়। হামলার শিকার বাড়িগুলোর মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আতঙ্ক ছড়াতে হামলাকারীরা বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশ সুপার মহোদয়ের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে কোনো মামলা দায়ের না হলেও আমাদের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”