শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের বেসরকারি খাতে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:০৮ এম
বাংলাদেশের বেসরকারি খাতে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে জাপান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দুই দেশের শীর্ষ বৈঠক শেষে এ বিষয়ে যৌথ ঘোষণা আসতে পারে।

জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সও খবরটি প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগের জন্য অর্থের সংস্থান করতে সম্মত হয়েছে জাপান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ বিনিয়োগের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলা এবং বাংলাদেশকে বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করাও এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছে নিক্কেই এশিয়া।

জাপানের প্রস্তাবিত বিনিয়োগের অর্থ ব্যয় হতে পারে অটোমোবাইল, উৎপাদনশিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়নে। এ ছাড়া জাপানি ট্রেডিং প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ বিভিন্ন অংশীদারের উদ্যোগে গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ও জাপানের মধ্যে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক অংশীদারি চুক্তি সই হয়। এর ধারাবাহিকতায় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। এ সময় জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরে জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও বেসামরিক বিমান পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে জাপানের সঙ্গে প্রায় আটটি সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন থেকে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা করছে বাংলাদেশ।

নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নের মতো নতুন ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী জাপান ইতিমধ্যে মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগ প্রকল্পে সহযোগিতা করছে।

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১৫ পিএম
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগ থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে তিনজনকে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অভিযানকালে পুলিশ ৪৩৬ পিস ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

 

সৌদিতে আটকা প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পিএম
সৌদিতে আটকা প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

সৌদি আরবের মক্কা ও মদিনায় প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী আটকা পড়েছেন। বিমান চলাচলে বিঘ্ন ঘটায় তাঁদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফেরাতে বিমান সংস্থা ও ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছে ভারত সরকার।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি সৌদি আরবে হাজারো ভারতীয় ওমরাহযাত্রীর আটকে পড়ার বিষয়টি সামনে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াইসি বলেন, ইন্ডিগো, আকাসা এয়ার ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাওয়া প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী মক্কা ও মদিনায় আটকা পড়েছেন। এসব বিমান সংস্থার ফ্লাইট বাতিল হওয়ায় তাঁরা দেশে ফিরতে পারছেন না।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আটকে পড়া যাত্রীদের দেশে ফেরাতে বড় উড়োজাহাজ পরিচালনার অনুমতি দিতে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানান ওয়াইসি। প্রয়োজনে তাঁদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করারও অনুরোধ করেন তিনি।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট ক্ষতিগ্রস্ত যাত্রীদের দ্রুত দেশে ফেরাতে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে পাওয়া ফ্লাইটে প্রায় ৩ হাজার আটকে পড়া ওমরাহযাত্রী ভারতে ফিরেছেন। এ ছাড়া নিয়মিত ফ্লাইটে আরও ১০ হাজারের বেশি ওমরাহযাত্রী দেশে ফিরেছেন।

সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য চালু করা নিয়ন্ত্রণকক্ষগুলোর যোগাযোগ নম্বরও প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামোয় হামলার পর ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে বিভিন্ন ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে এবং কিছু ফ্লাইট বাতিল করা হচ্ছে।

 

খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে দুইজনকে হত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:২৩ এম
খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে দুইজনকে হত্যা

খুলনা নগরীতে প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে এক নারী ও এক যুবককে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে মিস্ত্রিপাড়া এলাকায় তুষার (২৭) নামে এক যুবক এবং সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৪) নামে এক নারী খুন হন। পুলিশের প্রাথমিক ধারণা, একটি হত্যাকাণ্ডের পেছনে আধিপত্য বিস্তার এবং অন্যটির পেছনে মাদকসংক্রান্ত বিরোধ থাকতে পারে।

সন্ধ্যায় জিন্নাহপাড়া ৭ নম্বর সড়কের টাওয়ার গলির সামনে খুশিকে গুলি করে হত্যা করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা খোকনের মেয়ে এবং ব্লেড বাবুর স্ত্রী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর আগে থেকে ওত পেতে থাকা চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হন খুশি। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

খুশির মা জানান, ঘটনার সময় তিনি ও তাঁর মেয়ে বাড়ির সামনে ছিলেন। এ সময় মিরাজ নামের এক যুবক তাঁদের কাছে এসে কেমন আছেন জানতে চান। এর পরপরই দুর্বৃত্তরা তাঁর মেয়ের মাথায় গুলি করে পালিয়ে যায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে মাদকসংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে।

এর আগে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে গুলিতে নিহত হন তুষার (২৭)। তিনি জিন্নাহপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে বুকে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান তুষার। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তুষার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক