মানিকগঞ্জে বাসচাপায় নিহত ২, সড়ক অবরোধ
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে সেলফি পরিবহন বাস চলাচল সাময়িকভাবে স্থগিতের ঘোষণায় অবরোধ তুলে নেওয়া হয়।
বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন—ঘিওর উপজেলার মৌহালী গ্রামের বাসিন্দা ইয়াসিন (২২) ও বাবুল (২৮)। দুর্ঘটনায় গুরুতর আহত শাহান ও তাঁর স্ত্রী রোজিনা আক্তারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী সেলফি পরিবহনের একটি দ্রুতগতির বাস সেটিকে সজোরে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশার যাত্রী ইয়াসিন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা অন্য আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধদের পক্ষ থেকে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহন এক আতঙ্কের নাম। হরহামেশাই বেপরোয়া গতি ও প্রতিযোগিতার কারণে প্রাণহানি ঘটছে। সেলফি পরিবহনের রোড পারমিট বাতিলের দাবিতে ইতিপূর্বে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও অদৃশ্য কারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মহাসড়ক অবরোধের সার্বিক পরিস্থিতি জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অবহিত করা হয়। পরবর্তীতে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ভিডিও কলের মাধ্যমে আন্দোলনকারীদের সাথে যুক্ত হয়ে আশ্বাস দেন যে, বিষয়টি স্থায়ী সুরাহা না হওয়া পর্যন্ত মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। জেলা প্রশাসকের এই ঘোষণার পর আন্দোলনকারীরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, ঘাতক সেলফি পরিবহনের বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।










