শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১৫ পিএম
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগ থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে তিনজনকে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অভিযানকালে পুলিশ ৪৩৬ পিস ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

 

সৌদিতে আটকা প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পিএম
সৌদিতে আটকা প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

সৌদি আরবের মক্কা ও মদিনায় প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী আটকা পড়েছেন। বিমান চলাচলে বিঘ্ন ঘটায় তাঁদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফেরাতে বিমান সংস্থা ও ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছে ভারত সরকার।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি সৌদি আরবে হাজারো ভারতীয় ওমরাহযাত্রীর আটকে পড়ার বিষয়টি সামনে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াইসি বলেন, ইন্ডিগো, আকাসা এয়ার ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাওয়া প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী মক্কা ও মদিনায় আটকা পড়েছেন। এসব বিমান সংস্থার ফ্লাইট বাতিল হওয়ায় তাঁরা দেশে ফিরতে পারছেন না।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আটকে পড়া যাত্রীদের দেশে ফেরাতে বড় উড়োজাহাজ পরিচালনার অনুমতি দিতে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানান ওয়াইসি। প্রয়োজনে তাঁদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করারও অনুরোধ করেন তিনি।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট ক্ষতিগ্রস্ত যাত্রীদের দ্রুত দেশে ফেরাতে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে পাওয়া ফ্লাইটে প্রায় ৩ হাজার আটকে পড়া ওমরাহযাত্রী ভারতে ফিরেছেন। এ ছাড়া নিয়মিত ফ্লাইটে আরও ১০ হাজারের বেশি ওমরাহযাত্রী দেশে ফিরেছেন।

সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য চালু করা নিয়ন্ত্রণকক্ষগুলোর যোগাযোগ নম্বরও প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামোয় হামলার পর ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে বিভিন্ন ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে এবং কিছু ফ্লাইট বাতিল করা হচ্ছে।

 

খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে দুইজনকে হত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:২৩ এম
খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে দুইজনকে হত্যা

খুলনা নগরীতে প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে এক নারী ও এক যুবককে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে মিস্ত্রিপাড়া এলাকায় তুষার (২৭) নামে এক যুবক এবং সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৪) নামে এক নারী খুন হন। পুলিশের প্রাথমিক ধারণা, একটি হত্যাকাণ্ডের পেছনে আধিপত্য বিস্তার এবং অন্যটির পেছনে মাদকসংক্রান্ত বিরোধ থাকতে পারে।

সন্ধ্যায় জিন্নাহপাড়া ৭ নম্বর সড়কের টাওয়ার গলির সামনে খুশিকে গুলি করে হত্যা করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা খোকনের মেয়ে এবং ব্লেড বাবুর স্ত্রী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর আগে থেকে ওত পেতে থাকা চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হন খুশি। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

খুশির মা জানান, ঘটনার সময় তিনি ও তাঁর মেয়ে বাড়ির সামনে ছিলেন। এ সময় মিরাজ নামের এক যুবক তাঁদের কাছে এসে কেমন আছেন জানতে চান। এর পরপরই দুর্বৃত্তরা তাঁর মেয়ের মাথায় গুলি করে পালিয়ে যায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে মাদকসংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে।

এর আগে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে গুলিতে নিহত হন তুষার (২৭)। তিনি জিন্নাহপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে বুকে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান তুষার। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তুষার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:১৬ এম
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ধসে পড়েছে শত শত বাড়িঘর। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটি তিব্বতের রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ ও জনবিরল পার্বত্য অঞ্চল নাগকুতে আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের ফলে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকাজ পরিচালনা এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২০২৩ সালের পর এই অঞ্চলে এটিই সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ওই বছর চীনের পার্শ্ববর্তী গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের মৃত্যু হয়েছিল।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক