স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন তাঁর অসুস্থ স্বামীর শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই অনুরোধ জানান।
বার্তায় তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে তিনি নিজের পরিবারের একজন সদস্যের গুরুতর অসুস্থতার কথা জানিয়েছিলেন। সেই অসুস্থ ব্যক্তি তাঁর স্বামী। পারিবারিক বিষয়কে সবসময় আলোচনার বাইরে রাখতেই আগে নাম প্রকাশ করেননি বলে তিনি জানান। বর্তমানে তাঁর স্বামীর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সামান্থা শারমিন আরও জানান, একজন উদ্যমী ও কর্মঠ মানুষ হিসেবে পরিচিত তাঁর স্বামী গত তিন মাস ধরে অসুস্থতার কারণে নিস্তেজ হয়ে পড়েছেন, যা প্রত্যক্ষ করা অত্যন্ত কষ্টদায়ক। তবে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বান্দাকে হেদায়েত বা পাপমুক্ত করেন উল্লেখ করে তিনি এই পরিস্থিতিতে আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
রাজনৈতিক মতপার্থক্য বা দৃষ্টিভঙ্গির কারণে কারও অপ্রিয় হলেও মানবিক দিক বিবেচনা করে স্বামীর রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে সবার কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেন তিনি।












