নরসিংদীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার
নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে রায়পুরার সমীবাদ এলাকায় তার মামার বাড়িতে থাকতেন।
পুলিশের দাবি, সাব্বিরের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন আকারের লোহার পাইপ, স্প্রিং, হেক্সো ব্লেড, লোহার পাত ও টুকরা, ড্রিল মেশিনের মাথা, ট্রিগার সদৃশ লোহার অংশ, একটি ফায়ারকৃত শটগানের কার্তুজ এবং একটি পুরোনো স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে অভিযানে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযানের পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এলাকায় নজরদারি অব্যাহত রাখা হয়েছে।












