পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ৮জন আহত
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের বাসটি মাগুরা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর সোয়া একটার দিকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে বাসটি সড়কের ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে ঘুরে গিয়ে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে উল্টে যায়।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি সেতুর মাওয়া প্রান্তের ঢালে নামছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রথমে ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি পুরোপুরি ঘুরে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে উল্টে যায়।
দুর্ঘটনার খবর শ্রীনগর ফায়ার স্টেশনে পৌঁছায় বেলা ১টা ৩৭ মিনিটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। তাঁরা বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না জানান, বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে নূর ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।












