‘আমি নিজেই মদ খেয়েছি’ বললেন বাইকে দুই তরুণের মাঝে বসা সেই তরুণী
রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে বাইকে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিওর রহস্য উদঘাটন করেছে পুলিশ। ওই তরুণী নিজেই মদ্যপ অবস্থায় থাকার বিষয়টি স্বীকার করেছেন।
শনিবার দুপুরের পর টঙ্গী পশ্চিম থানায় পুলিশের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তরুণী বলেন, তিনি নিজেই মদ খেয়েছিলেন, তাঁকে কেউ জোর করে খাওয়ায়নি।
বাইকের ওই ব্যক্তিরা মূলত তাঁকে সাহায্য করতেই এসেছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ওই তরুণীকে তাঁর বোনের জিম্মায় ছেড়ে দিয়েছে এবং ভিডিওতে থাকা মোটরসাইকেলের দুই আরোহীকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের চেষ্টা চালাচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে তরুণী জানিয়েছেন যে তিনি পারিবারিক কারণে মানসিক চাপে ছিলেন এবং নিজ বাড়িতেই মদ পান করেছিলেন। পরবর্তীতে মদ্যপ অবস্থায় অসুস্থ ও অচেতন হয়ে পড়লে তিনি তাঁর পরিচিত দুই ব্যক্তিকে (যাদের তিনি চাচা হিসেবে চিনতেন) ফোন করেন। তাঁরা এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যান। বর্তমানে তরুণীটি সুস্থ রয়েছেন। ডিসি শফিকুল ইসলাম আরও জানান, সাবেক স্বামীর সাথে বিরোধের কারণে তাঁর নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছিল বলেও তরুণী দাবি করেছেন।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নানা গুঞ্জন উঠলেও তরুণী সম্পূর্ণ জীবিত ও নিরাপদ আছেন। ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক বিষয় নিশ্চিত হতে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ভাইরাল ভিডিওতে থাকা মোটরসাইকেলটির নম্বর শনাক্ত করা হয়েছে। বাইকের মালিক ও দুই আরোহীকে জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে। ঘটনার পেছনে কোনো অপরাধের যোগসূত্র আছে নাকি এটি স্রেফ অসুস্থ অবস্থায় সহায়তার ঘটনা, তা পুরো তদন্ত শেষ হলে নিশ্চিত হওয়া যাবে।










