স্পেন
বার্সেলোনার রাভালে পুলিশ থেকে পালাতে গিয়ে তিন তলা থেকে পড়ে বাংলাদেশি তরুণ গুরুতর আহত
বার্সেলোনার রাভাল এলাকায় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে ২৪ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল পৌনে ৬টার দিকে তিগ্রে সড়কের একটি পারিবারিক বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই তরুণের মায়ের কাছ থেকে দূরে থাকার আদালতের নির্দেশ ছিল। তা সত্ত্বেও তিনি পারিবারিক বাসায় গেলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের সদস্যরা ভবনে প্রবেশের চেষ্টা করার সময় তরুণটি পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি জানালা বা ব্যালকনির দিক দিয়ে বেরিয়ে তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান। পুলিশের প্রাথমিক ধারণা, গ্রেপ্তার এড়াতে পালানোর সময়ই তিনি নিচে পড়ে গেছেন।
পড়ে যাওয়ার পর গুরুতর আহত তরুণকে জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেন। পরে সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল ও জরুরি চিকিৎসাকর্মীরা কাজ করেন। পরিবারের সদস্যদেরও মানসিক সহায়তা দেওয়া হয়েছে।
ঘটনার সঠিক পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে মোসোস দে’স্কোয়াদ্রা। কেন এবং কীভাবে তরুণটি ভবন থেকে নিচে পড়ে গেলেন, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তরুণটির বয়স ২৪ বছর এবং তিনি বিদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে।
তবে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আহত যুবকের নাম দেশের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়।
একইভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেও কোনো পুলিশি বা নির্ভরযোগ্য সংবাদসূত্র নিশ্চিত করেনি। প্রকাশিত তথ্য অনুযায়ী, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তৃতীয় তলা থেকে পড়ে তিনি গুরুতর আহত হয়েছেন। তাই ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করা তথ্যগতভাবে সঠিক হবে না।
সূত্র: লা ভানগুয়ার্দিয়া, আরা, এল কাসো।













