ড্রামের পানিতে ফেলে নবজাতক হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর বেগমগঞ্জে বৃষ্টির পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রাম থেকে ১৪ দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় তার মায়ের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিহত শিশুর বাবা সৌরভ হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় স্ত্রী ফাতেমা বেগমকে একমাত্র আসামি করে মামলাটি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজে না পেয়ে অনুসন্ধান শুরু করলে একপর্যায়ে রাত ১০টার দিকে ঘরের ভেতরে রাখা বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, শিশুটির মা প্রথমে দাবি করেন, কেউ তাকে আঘাত করে শিশুটিকে নিয়ে গেছে। পরে তিনি শিশুটিকে জিন নিয়ে গেছে বলেও জানান। তার বক্তব্যে সন্দেহ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফাতেমা বেগম শিশুটিকে পানিভর্তি ড্রামে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। পুলিশ বলছে, শিশুটি কান্নাকাটি করায় বিরক্ত হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর শিশুটির মাকে হেফাজতে নেওয়া হয়। তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।












