১০ জেলায় সড়কে ঝরল ১৬ প্রাণ
একদিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ১১টি জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অনেকে।
সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনায়। পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ হারান ৮ জন। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ফেনী, রাজবাড়ী, গোপালগঞ্জ ও যশোরে পৃথক দুর্ঘটনায় আরও ৮ জন নিহত হয়েছেন।
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হন। বৃহস্পতিবার ভোরে খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
নেত্রকোনার পূর্বধলায় বিকেলে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হন। ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী, ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক কারখানা শ্রমিক, রাজবাড়ী ও গোপালগঞ্জে মোটরসাইকেল আরোহী এবং যশোরে মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
মুন্সীগঞ্জে লং হেভিকেলের ধাক্কায় এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় আরও দুজন নিহত হন। নিহতদের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।
অন্যদিকে, চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে ৩০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
একদিনে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব দুর্ঘটনা সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।












