মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মিশরে বাংলাদেশিদের কবরস্থান পরিদর্শনে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

আফছার হোসাইন, মিশর প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:১৪ এম
মিশরে বাংলাদেশিদের কবরস্থান পরিদর্শনে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

মিশরের রাজধানী কায়রোর পূর্বাঞ্চলীয় উবুর এলাকায় বাংলাদেশি প্রবাসীদের জন্য নির্ধারিত কবরস্থান পরিদর্শন করেছেন মিশরে নবনিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে। মঙ্গলবার (১১ আগস্ট) দূতাবাসের শ্রম সচিব মো. জাকির হোসেনকে সঙ্গে নিয়ে তিনি এই পরিদর্শনে যান। এ সময় সমাহিত বাংলাদেশিদের কবর জিয়ারত ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।পরিদর্শনকালে কবরস্থানের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। সংশ্লিষ্টরা জানান, মাত্র ৬০ বর্গমিটার আয়তনের এই কবরস্থানে বর্তমানে আর মাত্র দুই থেকে তিনটি মরদেহ দাফনের জায়গা অবশিষ্ট রয়েছে। ফলে দ্রুতই কবরস্থানটি সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

দীর্ঘদিনের জটিলতার অবসান ১৯৭৩ সালের ১৫ সেপ্টেম্বর মিশর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই কর্মসংস্থান, ব্যবসা ও শিক্ষার উদ্দেশ্যে হাজারো বাংলাদেশি দেশটিতে বসবাস করে আসছেন। দীর্ঘ প্রবাসজীবনে অসুস্থতা, বার্ধক্য কিংবা দুর্ঘটনায় অনেকের মৃত্যু হলেও নির্দিষ্ট কবরস্থান না থাকায় মরদেহ দাফন কিংবা দেশে পাঠানো নিয়ে দীর্ঘ দিন ধরে দূতাবাস ও প্রবাসী সম্প্রদায়কে চরম ভোগান্তিতে পড়তে হতো।

এই জটিলতা নিরসনে ২০২২ সালে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি দানশীল ব্যক্তি কায়রোর পূর্বাঞ্চলীয় উবুর এলাকায় ৬০ বর্গমিটার জায়গা ক্রয় করে প্রবাসীদের জন্য উৎসর্গ করেন।
​ওই বছরের ১২ মে বরিশালের বাসিন্দা আবুল কালাম আজাদ নামের এক প্রবাসীর মৃত্যুর পর এই স্থানে প্রথম দাফন সম্পন্ন হয়। এরপর থেকে একে একে আরও নয়জন বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীকে সেখানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
​কবরস্থান সম্প্রসারণের তাগিদ গত ৩ আগস্ট মিশরে বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব গ্রহণ করার মাত্র এক সপ্তাহের মাথায় স্থানটি পরিদর্শনে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে। এ সময় কায়রো আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক শাহজাহান ভূঁইয়া এবং ‘প্রবাহ বাংলা’র প্রতিনিধি আফছার হোসাইনও উপস্থিত ছিলেন।কবরস্থানে পৌঁছালে স্থানীয় মসজিদের ইমাম শাইখ সাঈদ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং উবুর এলাকার বিশাল ‘ডেড সিটি’ বা ‘মৃত্যুপুরী’ সংলগ্ন বাংলাদেশি কবরস্থানটি ঘুরিয়ে দেখান। সেখানে সমাহিত প্রবাসীদের পরিচয় ও সার্বিক অবস্থা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি। ইমাম শাইখ সাঈদ জানান, নতুন জায়গা যুক্ত না হলে ভবিষ্যতে একই স্থানে আগের কবর পুনরায় খনন করে দাফনের প্রয়োজন হতে পারে।
​এ পরিস্থিতিতে কবরস্থান সম্প্রসারণের বিষয়ে শ্রম সচিব মো. জাকির হোসেন ও অধ্যাপক শাহজাহান ভূঁইয়ার সঙ্গে আলোচনা করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। দাতা ব্যক্তি ও প্রবাসী কমিউনিটির যৌথ সহায়তায় পরিধি বাড়ানোর ওপর জোর দেন তিনি। পরিদর্শনের অংশ হিসেবে কর্মকর্তারা সংলগ্ন মিশরীয় মাকবারা (কবরস্থান) ঘুরে দেখেন এবং মিশরীয় প্রাচীন ও স্থানীয় দাফন পদ্ধতি পর্যবেক্ষণ করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রবাসীদের জন্য বিনামূল্যে দাফন সুবিধা,এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে জানান, মিশরের যেকোনো প্রান্তে কোনো বৈধ বাংলাদেশি পাসপোর্টধারী মৃত্যুবরণ করলে তাঁর মরদেহ কায়রোর এই স্থানে বিনামূল্যে দাফন করা যাবে।
​তিনি জানান, এর জন্য মৃত ব্যক্তির পাসপোর্টের কপি ও ডেথ সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দূতাবাসের কাছে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর দূতাবাসের পক্ষ থেকে কবরস্থানের তত্ত্বাবধায়ক আবু ইউসুফ আল-তালবিকে কবর খননের অনুমতি দেয়া হয়। তবে কবর খনন ও দাফনের জন্য শ্রমিক বা গোরখোদকের ব্যবস্থা মৃতের পরিবারকেই করতে হবে।প্রবাসীদের স্বস্তি ও শুভকামনা,পরিদর্শন শেষে কায়রো আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক শাহজাহান ভূঁইয়া বলেন,
​”আগে কোনো প্রবাসীর মৃত্যু হলে আইনি জটিলতা, আর্থিক অক্ষমতা কিংবা অতিরিক্ত বিমান ভাড়ার কারণে মাসের পর মাস লাশ মর্গে পড়ে থাকত। এখন নিজ দেশের ধর্মীয় ও সামাজিক রীতিনীতি অনুযায়ী মর্যাদাপূর্ণ দাফনের সুযোগ তৈরি হওয়াটা অত্যন্ত স্বস্তিদায়ক। উদ্যোগ নেওয়া দূতাবাস কর্তৃপক্ষ এবং জায়গা কিনে দেওয়া দানশীল প্রবাসীর প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

দীর্ঘদিন ধরে মিশরে বসবাসরত প্রবাসীদের জন্য এই কবরস্থানটি কেবল দাফনস্থল নয়, প্রবাস জীবনের শেষে নিজ ধর্মীয় আমেজে শেষ বিদায়ের এক আশার আলো হয়ে উঠেছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক