ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
নেত্রকোণার সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪ এর সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রিপন মিয়াকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রিপন মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকেই রিপন আত্মগোপনে ছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ আগস্ট সন্ধ্যায় স্কুলছাত্রীটি বাড়ির উঠানে রান্নার কাজ করছিল। ওই সময় তার বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে রিপন মিয়া তাকে জোর করে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর গত সোমবার রাতে স্থানীয় একটি বাজারে রাজনৈতিক দলের কার্যালয়ে বিষয়টি নিয়ে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ওই বৈঠকে রিপন মিয়ার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়। পরে সালিসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনার তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অপরাধের চূড়ান্ত বিষয় নির্ধারিত হবে।










