জনগণের সঙ্গে বেইমানি করব না, ভয়ভীতিতেও পিছু হটব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার করবে না তার দল। জনগণের অধিকার, ন্যায়বিচার এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে তারা সংসদ ও রাজপথে অবস্থান অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আইডিবি ভবনের কাউন্সিল হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ একটি মৌলিক পরিবর্তনের প্রত্যাশা করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে আবারও দেশকে অতীতের অন্ধকার সময়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতীতের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো অবস্থাতেই অন্যায় বা অগণতান্ত্রিক পথ অনুসরণ করবে না। সরকারে না থাকলেও সংসদে জনগণের প্রতিনিধি হিসেবে দেশের মানুষের প্রত্যাশা ও শহীদ পরিবারের দাবিগুলো তুলে ধরা হবে।
জামায়াত আমির দাবি করেন, বিভিন্ন সময় তাদের সঙ্গে আপসের প্রস্তাব দেওয়া হলেও দল তা প্রত্যাখ্যান করেছে। জনগণের স্বার্থ ও দেওয়া অঙ্গীকার থেকে সরে আসার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে গণভোটের দাবির বিষয়ে দল নিজেদের অবস্থানে অনড় রয়েছে বলে জানান।
বিচারের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তার দল প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে নিহতদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি থেকে তারা সরে আসবে না। তিনি সরকারের প্রতি জাতির সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের জনগণ, বিশেষ করে তরুণদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে বিভিন্ন স্থানে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ড তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না।
সভায় শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।













