সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ার কৃষিতে এআইভিত্তিক স্টার্টআপ, উদ্যোক্তা দুই বাংলাদেশি ও এক মালয়েশিয়ান

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:২০ পিএম
মালয়েশিয়ার কৃষিতে এআইভিত্তিক স্টার্টআপ, উদ্যোক্তা দুই বাংলাদেশি ও এক মালয়েশিয়ান

মালয়েশিয়ার কৃষিপণ্যের সরবরাহব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্টার্টআপ ‘ফ্রেশ মুভ’ যাত্রা শুরু করেছে। ইউনিভার্সিটি অব মালয়ার দুই বাংলাদেশি এবং এক মালয়েশিয়ান প্রাক্তন শিক্ষার্থীর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি দেশের কৃষক ও আমদানিকারকদের সঙ্গে সরাসরি মুদি দোকান, হোটেল ও রেস্তোরাঁর সংযোগ স্থাপন করবে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফরহাদ হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ক্যামেরন হাইল্যান্ডসে এক শিক্ষা সফরে গিয়ে তিনি দেখেন, উন্নতমানের ফল ও সবজি উৎপাদন হওয়া সত্ত্বেও বাজারসংযোগ, মানসম্মত প্যাকেজিং এবং নির্ভরযোগ্য পরিবহনব্যবস্থার অভাবে বিপুল পরিমাণ কৃষিপণ্য বিক্রি হচ্ছে না। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে ‘ফ্রেশ মুভ’ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে ওঠে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সম্ভাবনা যাচাই করতে তিনি বাংলাদেশ থেকে একজন অভিজ্ঞ কৃষক এনে সেলাঙ্গরের পুচং এলাকায় পরীক্ষামূলকভাবে এমন কিছু ফসলের চাষ করেন, যা সাধারণত মালয়েশিয়ায় উৎপাদিত হয় না। পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফল পাওয়া যায়। উৎপাদিত ফসলের কিছু বাজারে বিক্রি হওয়া আমদানিকৃত পণ্যের তুলনায়ও উন্নত মানের ছিল।

এরপর মালয়েশিয়ায় স্থানীয় খাদ্য উৎপাদন বাড়ানোর স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন ফরহাদ। তবে তিনি উপলব্ধি করেন, কৃষিপণ্য উৎপাদনের চেয়ে বড় চ্যালেঞ্জ হলো কৃষক ও ক্রেতার মধ্যে কার্যকর সরবরাহব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষ্য থেকেই ‘ফ্রেশ মুভ’-এর যাত্রা।

ফরহাদের সঙ্গে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অব মালয়ার কম্পিউটার সায়েন্স বিভাগের আরেক বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থী মো. শাহীন আলম, যিনি প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে রয়েছেন মালয়েশিয়ান প্রাক্তন শিক্ষার্থী নূর শাফিকাহ বিনতি রোসলান।

প্রতিষ্ঠানটির এআই প্রযুক্তি তাৎক্ষণিকভাবে চাহিদা ও সরবরাহের তথ্য বিশ্লেষণ করে কৃষক ও নির্ভরযোগ্য আমদানিকারকদের সঙ্গে দেশের বিভিন্ন মুদি দোকান, হোটেল ও রেস্তোরাঁর সংযোগ স্থাপন করে। পাশাপাশি কৃষকদের মানসম্মত উৎপাদন, প্যাকেজিং ও সরবরাহব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া নিজস্ব লজিস্টিকস নেটওয়ার্কের মাধ্যমে খামার থেকে দ্রুত ক্রেতার কাছে কৃষিপণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ফ্রেশ মুভ। স্মার্ট রুটিং ও চাহিদা পূর্বাভাস প্রযুক্তি ব্যবহার করে পণ্য নষ্ট হওয়া কমানো এবং সরবরাহব্যবস্থার অপ্রয়োজনীয় ধাপগুলো কমিয়ে আনা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদে মালয়েশিয়ার খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমানো, স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়ানোই তাদের লক্ষ্য। এ উদ্দেশ্যে চুক্তিভিত্তিক কৃষি (কন্ট্রাক্ট ফার্মিং) কর্মসূচির আওতায় জমি, প্রশিক্ষণ ও উৎপাদন-সংক্রান্ত মানদণ্ড নিশ্চিত করবে ফ্রেশ মুভ। কৃষকরা উৎপাদনে মনোযোগ দেবেন, আর বাজারসংযোগ, পরিবহন ও বিক্রয় ব্যবস্থাপনার দায়িত্ব নেবে প্রতিষ্ঠানটি।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক