মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চার বছরে মালয়েশিয়ার শ্রমবাজারে আমূল পরিবর্তন, বাংলাদেশ থেকে ৪ লাখ কর্মীর পুরোনো রেকর্ড এখন ইতিহাস

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:৪০ পিএম
চার বছরে মালয়েশিয়ার শ্রমবাজারে আমূল পরিবর্তন, বাংলাদেশ থেকে ৪ লাখ কর্মীর পুরোনো রেকর্ড এখন ইতিহাস

মাত্র চার বছরের ব্যবধানে মালয়েশিয়ার বিদেশি শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। একসময় যেখানে বাংলাদেশ ছিল সবচেয়ে বড় শ্রমশক্তি সরবরাহকারী দেশ, সেখানে এখন শীর্ষস্থান দখল করেছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগের সংখ্যা নাটকীয়ভাবে কমে এসেছে এবং পুরো নিয়োগব্যবস্থা দ্রুত ডিজিটাল ও কঠোর নিয়ন্ত্রণভিত্তিক কাঠামোয় রূপ নিচ্ছে।

মঙ্গলবার ৩০ জুন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল পার্লামেন্টে লিখিত জবাবে জানিয়েছেন, ২০২৫ সালে দেশটিতে মোট ৭৭ হাজার ৮০৭ জন বিদেশি কর্মী প্রবেশ করেছেন, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৯১ শতাংশ কম।

এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে এসেছে ৩৫ হাজার ১১ জন (৪৫ শতাংশ), নেপাল থেকে ২৫ হাজার ২৬ জন (৩২.২ শতাংশ) এবং ভারত থেকে ৬ হাজার ২৪৫ জন (৮ শতাংশ)। বাংলাদেশ শীর্ষ তিন উৎস দেশের তালিকায় নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এই তথ্য দেন কোটা মেলাকা আসনের সংসদ সদস্য খু পোয়ে তিয়ং-এর প্রশ্নের লিখিত উত্তরে। প্রশ্নে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিদেশি কর্মীদের দেশভিত্তিক ও খাতভিত্তিক আগমনের পরিসংখ্যান এবং ওয়ান-স্টপ সেন্টার ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল।

কোভিড-১৯ পরবর্তী সময়ে ২০২২ সালে শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার পর বাংলাদেশ থেকে ব্যাপক সংখ্যক কর্মী মালয়েশিয়ায় যান। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালে নতুন রেকর্ড গড়ে।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ওই বছর মোট ৮ লাখ ৬৭ হাজার ৭৩১ জন বিদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেন। এর মধ্যে বাংলাদেশ থেকেই যান ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন, যা মোট আগমনের প্রায় ৪৬ শতাংশ। একই সময়ে নেপাল থেকে আসে ১ লাখ ৩৪ হাজার ৮৯৫ জন এবং ইন্দোনেশিয়া থেকে ১ লাখ ২২ হাজার ৯০৮ জন কর্মী।

তবে এই রেকর্ড সংখ্যার আড়ালেই সামনে আসে অতিরিক্ত অভিবাসন ব্যয়, সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির প্রভাব, চাকরি না পাওয়া, ঋণের বোঝা এবং শ্রমিক শোষণের অভিযোগ। এসব বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়।

২০২৪ সালের মাঝামাঝি মালয়েশিয়া সরকার নতুন বিদেশি কর্মী নিয়োগে কড়াকড়ি আরোপ করে। সরকার জানায়, বিদ্যমান কোটার ব্যবহার, শ্রমবাজারের ভারসাম্য এবং নিয়োগব্যবস্থার সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ সীমিত থাকবে। ফলে ওই বছর বিদেশি কর্মী আগমন কমে দাঁড়ায় ৩ লাখ ৫৬ হাজার ৯৭২ জনে।

সেই বছর ইন্দোনেশিয়া থেকে আসে ১ লাখ ২৪ হাজার ১০৭ জন (৩৪.৮ শতাংশ), ভারত থেকে ৭৮ হাজার ৪৭৫ জন এবং কাজাখস্তান থেকে ৫১ হাজার ৩৬২ জন কর্মী।

২০২৫ সালে বিদেশি কর্মী আগমন আরও কমে দাঁড়ায় মাত্র ৭৭ হাজার ৮০৭ জনে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নিয়োগদাতাদের বিদেশি কর্মী নিয়োগের হার কমে যাওয়ার ইঙ্গিত দেয়। একই সঙ্গে সরকার নিয়োগব্যবস্থাকে আরও দক্ষ ও স্বচ্ছ করতে ধারাবাহিক সংস্কার চালিয়ে যাচ্ছে।

বর্তমানে বিদেশি কর্মীর কোটা আবেদন অনলাইনে গ্রহণ করা হচ্ছে। ফলে নিয়োগদাতাদের কেবল একবারই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাক্ষাৎকারে উপস্থিত হতে হচ্ছে। সরকারের মতে, এতে সময়, ব্যয় এবং প্রশাসনিক জটিলতা কমবে।

দীর্ঘদিন ধরে বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনায় ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) ব্যবহৃত হলেও এর স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন রয়েছে।

এদিকে ২০২৬ সালে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম (তুরাপ)। সরকারের দাবি, এটি নিয়োগ প্রক্রিয়াকে আরও প্রযুক্তিনির্ভর ও দ্রুত করবে। তবে কয়েকজন সংসদ সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বাস্তবায়ন স্থগিত রেখে পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি জানিয়েছেন।

দীর্ঘমেয়াদে সরকার ন্যাশনাল ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন সিস্টেম (নাইস) চালুর পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগ, ভিসা, সীমান্ত ব্যবস্থাপনা এবং অভিবাসন-সংক্রান্ত সেবাগুলো একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনা হবে।

অভিবাসন ও শ্রমবাজার বিশ্লেষকদের মতে, মালয়েশিয়ার শ্রমবাজারে যে পরিবর্তন ঘটছে, তা সাময়িক নয়; বরং এটি দীর্ঘমেয়াদি নীতিগত রূপান্তরের অংশ। তাদের মতে, ভবিষ্যতে কেবল বেশি সংখ্যক কর্মী পাঠাতে পারলেই হবে না। নিয়োগব্যবস্থার স্বচ্ছতা, আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ, প্রযুক্তিনির্ভর তথ্য যাচাই এবং কম অভিবাসন ব্যয় নিশ্চিত করতে পারলেই প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে।

বিশ্লেষকদের ভাষ্য, ২০২৩ সালের অভিজ্ঞতা থেকে মালয়েশিয়া সরকার বুঝতে পেরেছে যে অনিয়ন্ত্রিত নিয়োগ ভবিষ্যতে সামাজিক ও প্রশাসনিক ঝুঁকি তৈরি করতে পারে। তাই এখন তারা সংখ্যার চেয়ে গুণগত মান, দক্ষতা এবং নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দিচ্ছে।

তাদের মতে, বাংলাদেশের জন্য এটি সতর্কবার্তা হলেও একই সঙ্গে নতুন সুযোগও। যদি দক্ষ কর্মী তৈরি, ব্যয় কমানো এবং স্বচ্ছ নিয়োগব্যবস্থা নিশ্চিত করা যায়, তাহলে বাংলাদেশ আবারও মালয়েশিয়ার অন্যতম প্রধান শ্রমশক্তির উৎস হয়ে উঠতে পারে।

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা বলছেন, গত দুই বছরে নিয়োগ কমে যাওয়ায় শ্রমবাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তারা এটিকে স্থায়ী সংকট হিসেবে দেখছেন না।

তাদের মতে, বর্তমানে মালয়েশিয়া সরকার নিয়োগব্যবস্থাকে পুনর্গঠন করছে। নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম, কেন্দ্রীয় তথ্য যাচাই এবং কঠোর নিয়ন্ত্রণ চালু হওয়ার পর ধীরে ধীরে শ্রমবাজার আবারও স্থিতিশীল হবে।

ব্যবসায়ীদের মতে, বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভিবাসন ব্যয় কমানো, দক্ষ জনশক্তি তৈরি এবং দুই দেশের মধ্যে নীতিগত সমন্বয় জোরদার করা। একই সঙ্গে তারা মনে করেন, সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে বাংলাদেশ আবারও মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমশক্তি সরবরাহকারী দেশে পরিণত হতে পারে।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সামনে তিনটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আন্তর্জাতিক মানসম্পন্ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগব্যবস্থা নিশ্চিত করা। কর্মী পাঠানোর ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে অতিরিক্ত ঋণের বোঝা হ্রাস করা। দক্ষ ও প্রযুক্তিনির্ভর জনশক্তি তৈরিতে বিনিয়োগ বাড়ানো।

তাদের মতে, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি; বরং এটি নতুন যুগে প্রবেশ করেছে। ভবিষ্যতের নিয়োগব্যবস্থা হবে আরও ডিজিটাল, তথ্যনির্ভর এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত। সেই বাস্তবতায় বাংলাদেশের সাফল্য নির্ভর করবে শুধু কতজন কর্মী পাঠানো হলো তার ওপর নয়, বরং কীভাবে, কত কম খরচে এবং কতটা স্বচ্ছ ও নিরাপদ প্রক্রিয়ায় তাদের বিদেশে পাঠানো সম্ভব হলো তার ওপর।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:০৯ এম
‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি সরাসরি কোনো বক্তব্য দেননি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সভায় উপস্থিত সূত্র জানায়, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও প্রথা অনুসরণ করা হবে।

সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন।

এদিকে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।

অন্যদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার সুযোগ নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ওই চুক্তির আওতায় ভারত সরকারের কাছে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগের কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলেও তাঁর বিষয়ে আলোচনা চলছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক