যুদ্ধবিরতি চুক্তির পর নতুন আলোচনা পর্ব
ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতার অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি বন্দরগুলোতে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজের চলাচলে আর কোনো বাধা দেওয়া হচ্ছে না।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, অবরোধ প্রত্যাহার করা হলেও চুক্তির শর্ত বাস্তবায়ন পর্যবেক্ষণে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থান করবে। তাদের মূল দায়িত্ব হবে সমঝোতার বিভিন্ন দিক কার্যকর হচ্ছে কি না তা নিশ্চিত করা।
এদিকে ইরানও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী ৬০ দিনের আলোচনাকালীন সময়ে প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। পাশাপাশি যুদ্ধকালীন সময়ে পানিপথে স্থাপন করা মাইন অপসারণের কাজও শুরু করা হচ্ছে।
চুক্তির ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথ হওয়ায় সেখানে স্বাভাবিক নৌ চলাচল ফিরলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাও স্থিতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অবরোধ শিথিল হওয়ার পর বেশ কয়েকটি তেলবাহী ও গ্যাসবাহী জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এতে যুদ্ধের কারণে ব্যাহত হওয়া সামুদ্রিক বাণিজ্য ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে।
তবে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ আলোচনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এখনও আলোচনার টেবিলে রয়েছে। সম্ভাব্য নতুন বৈঠক নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।













