জুনের প্রথম ৬ দিনে দেশে এলো ৬৮ কোটি ডলারের বেশি রেমিট্যান্স
চলতি জুন মাসের প্রথম ছয় দিনে দেশে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৩৯ লাখ ডলার প্রবাসী আয় দেশে প্রবাহিত হয়েছে।
রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে জুনের শুরুতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে।
তবে সামগ্রিকভাবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৬ জুন পর্যন্ত প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। অর্থবছরের শুরু থেকে ৬ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৩৪৪ কোটি ১ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।
এর আগে গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়ে। আর মার্চ মাসে আসা ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
এ ছাড়া গত বছরের ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে ৩২২ কোটি ৬৭ লাখ, ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার, ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার, ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।













