নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিএসএফ-বিজিবি
ভারত ও বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগামী ৮ থেকে ১১ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। তিন দিনব্যাপী এই বৈঠকে সীমান্তসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মুহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অপরদিকে বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাহিনীটির মহাপরিচালক প্রবীন কুমার।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সীমান্তে কাঁটাতার নির্মাণ, অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত অপরাধ দমন এবং ভারতে অবস্থানরত নথিবিহীন বাংলাদেশিদের প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পেতে পারে। পাশাপাশি সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত সদস্যদের নিরাপত্তা ও দুই বাহিনীর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হবে।
বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সীমান্তবর্তী এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, কাঁটাতার স্থাপন এবং অনুপ্রবেশ রোধে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী ও নথিবিহীন ব্যক্তিদের রাখার জন্য বিভিন্ন জেলায় বিশেষ হোল্ডিং সেন্টারও প্রস্তুত করা হয়েছে।
ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের মধ্যে এখনও প্রায় ৮৬০ কিলোমিটার এলাকায় কাঁটাতার নির্মাণ সম্পন্ন হয়নি। এর একটি অংশে ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে স্থায়ী অবকাঠামো নির্মাণ কঠিন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন ইস্যুতে আলোচনার প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় বৈঠকটির দিকে নজর রয়েছে দুই দেশের সংশ্লিষ্ট মহলের।










