শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নর্তকী সেজে পলাতক আসামি ধরলেন থাই পুলিশ সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:২৭ পিএম
নর্তকী সেজে পলাতক আসামি ধরলেন থাই পুলিশ সদস্যরা

মাদক কারবারি ও পলাতক আসামিদের ধরতে থাইল্যান্ডের পুলিশ অভিনব সব ছদ্মবেশ ধারণ করছে। কখনো ঐতিহ্যবাহী নৃত্যশিল্পী, কখনো সিংহ নাচের দল, আবার কখনো ঝোপঝাড় সেজে অপরাধীদের একেবারে হাতেনাতে গ্রেপ্তার করছেন থাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সম্প্রতি থাইল্যান্ডের লোপ বুরি প্রদেশের থা লুয়াং জেলায় এক মাদক ব্যবসায়ীকে ধরতে নৃত্যশিল্পীর ছদ্মবেশ নেয় পুলিশ। দ্য থাইগারের এক প্রতিবেদনে জানানো হয়, ছদ্মবেশী পুলিশ কর্মকর্তারা মেখা ফা-ওয়াপ-ওয়াপ নামের ওই সন্দেহভাজনকে আকস্মিক অভিযান চালিয়ে আটক করেন। সে মূলত অবৈধ মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার সাথে জড়িত ছিল।

ঘটনাস্থল থেকে পুলিশ ৫৩টি মেথামফেটামিন ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুই শতাধিক প্লাস্টিকের ব্যাগ এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচার এবং নিষিদ্ধ অনলাইন জুয়ার মেশিন চালানোর অপরাধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

থাই পুলিশের এমন অদ্ভুত ছদ্মবেশ নেওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ব্যাংকক মেট্রোপলিটন পুলিশ বিভাগের কর্মকর্তারা চন্দ্র নববর্ষের একটি মেলা থেকে এক কুখ্যাত চোরকে ধরতে ‘সিংহ নৃত্য’ দলের ছদ্মবেশ ধারণ করেছিলেন। ওই চোর দীর্ঘদিন ধরে বারবার পুলিশকে ফাঁকি দিয়ে আসছিল।

সেই অভিযানের অভিজ্ঞতা জানিয়ে পুলিশ ক্যাপ্টেন লের্টভারিট লের্টভোরাপ্রিচা দ্য গার্ডিয়ানকে, নাচটি একদম তাৎক্ষণিক ও স্বতঃস্ফূর্ত ছিল। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

তাড়াহুড়োর কারণে লের্টভারিট ভুল করে এক সহকর্মীর পুরুষের মুখোশ পরে নিয়েছিলেন। সাথে ছিল লাল রেশমি পোশাক, লম্বা প্যান্ট এবং ট্যাকটিক্যাল বুট। তবে তাদের এই ছদ্মবেশ শতভাগ সফল হয়। মেলায় আসা শিশুরা তাদের সাথে নাচতে শুরু করে, পথচারীরা আনন্দ পায় এবং মূল সন্দেহভাজন ব্যক্তিটি একদম অসতর্ক হয়ে পড়ে। সেই সুযোগে সিংহ নাচের লাল-হলুদ পোশাক পরা পুলিশ সদস্যরা তাকে নিমেষেই কাবু করে ফেলেন।

ক্যাপ্টেন লের্টভারিটের দল এর আগেও আসামি ধরতে ঝোপঝাড়, নির্মাণ শ্রমিক, এমনকি টাইটস পরা কুস্তিগীরের রূপ নিয়েছেন। এসব অভিনব অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। লের্টভারিট, কোনো অপরাধীকে ধরার সবচেয়ে সহজ উপায় হলো, যখন তারা জীবন উপভোগ করছে এবং চারপাশ নিয়ে পুরোপুরি অসচেতন, ঠিক তখন আকস্মিক আক্রমণ করা।

তিনি আরও জানান, ঘটনাস্থলের পরিস্থিতি এবং অপরাধীর অতীত রেকর্ড বিশ্লেষণ করেই মূলত ছদ্মবেশের আইডিয়াগুলো বের করা হয়। যেমন—সিংহ নাচের ক্ষেত্রে তারা জানতেন যে মেলা ও উৎসবের ভিড়কে কাজে লাগিয়ে ওই চোর সহজেই আত্মগোপন করার চেষ্টা করবে।

সামাজিক মাধ্যমে বিষয়টিকে বেশ হাস্যকর বা বিনোদনমূলক মনে হলেও থাই পুলিশ জানিয়েছে, এই কৌশলের মাধ্যমে ধর্ষণ এবং শিশু নির্যাতনের মতো বহু গুরুতর মামলার আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

থাইল্যান্ডের এমনই আরেকটি আলোচিত ঘটনায়, এক নাবালিকাকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত আসামিকে ধরতে এক পুলিশ কর্মকর্তা শুকনো পাতার ছদ্মবেশ নিয়েছিলেন। তিনি প্রায় শত মিটার ধানক্ষেতের কাদা মাটির ওপর হামাগুড়ি দিয়ে অপরাধীর নাগাল পান। ঠিক একই মাসে, এক চীনা পর্যটককে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে ধরতে আরেক কর্মকর্তা পেশাদার কুস্তিগীরের ছদ্মবেশ ধারণ করেছিলেন।

অবশ্য ব্যাংকক মেট্রোপলিটন পুলিশ বিভাগ এই দাবি নাকচ করে দিয়েছে যে, তারা কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট বা সস্তা প্রচারণার জন্য এমনটি করছেন। লের্টভারিট, সাধারণত যারা দাগী অপরাধী কিংবা অতীতে পুলিশকে বারবার ধোঁকা দিয়েছে, কেবল তাদের ক্ষেত্রেই এই বিশেষ কৌশল ব্যবহার করা হয়। আর এতে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক।

লের্টভারিট আশা প্রকাশ করেন, পুলিশের এই অভিযানের ভিডিওগুলো দেখে সাধারণ মানুষ বুঝতে পারবেন যে অপরাধ দমনে প্রশাসন কতটা দৃঢ়প্রতিজ্ঞ। একই সাথে অপরাধীদের প্রতি তাঁর বার্তা, অপরাধ করে পার পাওয়ার দিন শেষ, পৃথিবীটা দিন দিন ছোট হয়ে আসছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক