হাম ও হামের উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫০০ ছাড়ালো
দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে অনেককে জটিল শারীরিক অবস্থার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
মৃত ১৩ শিশুর মধ্যে একজনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত করা হয়েছে। বাকিদের মধ্যে হামের উপসর্গ ছিল। বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, ঢাকায় ৪ শিশু, সিলেটে ৪, চট্টগ্রামে ২, বরিশালে ২ এবং ময়মনসিংহে ১ শিশুর মৃত্যু হয়েছে। বরিশালে মারা যাওয়া শিশুদের একজনের শরীরে হাম নিশ্চিত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৪৯ হাজার ৩৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু। বর্তমানে বিভিন্ন হাসপাতালে আরও বহু শিশু চিকিৎসাধীন রয়েছে।
রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে শনিবার দেখা যায়, হামের উপসর্গ নিয়ে শিশুদের ভিড় বাড়ছে। চার বছরের শিশু মুসকানকে কুর্মিটোলা হাসপাতাল থেকে সেখানে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। মায়ের কোলে হাসপাতালের বহির্বিভাগের সামনে ভর্তি অপেক্ষায় ছিল শিশুটি।
চিকিৎসকেরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের দ্রুত টিকার আওতায় আনা জরুরি। একই সঙ্গে জ্বর, শরীরে লালচে দানা, কাশি বা চোখ লাল হওয়াসহ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।











