দহগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেলো বিএসএফ
লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করে পিছু হটেছে বিএসএফ সদস্যরা।
শুক্রবার (২২ মে) বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর সংলগ্ন সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০-এস এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালালে বিজিবির দহগ্রাম ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেন। এতে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে বিজিবি সদস্যরাও নিজ নিজ ক্যাম্পে ফিরে যান।
এর আগেও বৃহস্পতিবার একই উপজেলার কলসীমুখী সীমান্ত এলাকায় বিএসএফের সদস্যরা বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়।
বিজিবির রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, সীমান্ত এলাকায় যেকোনো অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।












