শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুয়ালালামপুরে এমবিএফএর নতুন কমিটি ঘোষণা

কুয়ালবাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে প্রবাসীদের সংগঠন

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৪:৩২ পিএম
কুয়ালবাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে প্রবাসীদের সংগঠন

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ)-এর নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের স্টার কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনটির ১১তম বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সমর্থনে প্রফেসর ড. জাহাঙ্গীর আলমকে সভাপতি, মো. রুহুল আমিন সরকার (সিআইপি)-কে সাধারণ সম্পাদক এবং মো. আউয়াল হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নবগঠিত ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাফর ফিরোজ, স্থানীয় উন্নয়ন বিষয়ক প্রধান মো. মাসুদুর রহমান, সদস্যপদ ও কল্যাণ বিষয়ক প্রধান ইঞ্জিনিয়ার মাহফুজ কায়সার অপু, সাংস্কৃতিক বিষয়ক প্রধান ড. মহুয়া রায় চৌধুরী, প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ইঞ্জিনিয়ার রনি মিনহাজ উল আমিন, ক্রীড়া ও যুব বিষয়ক প্রধান মো. ফারহাদ হোসেন, ব্যবসা ও অংশীদারিত্ব বিষয়ক প্রধান মো. কাজী নজরুল ইসলাম এবং জনসংযোগ ও প্রশিক্ষণ বিষয়ক প্রধান মো. আসিফ রায়হান চৌধুরী।

সভায় ২০২২-২০২৪ মেয়াদের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের অফিসিয়াল সেক্রেটারি এস নাদারাজান উপস্থিত সদস্যদের স্বাগত জানান এবং সভার কার্যক্রম নিশ্চিত করেন। সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম স্বাগত বক্তব্য দেন। এ সময় প্রয়াত সাবেক সভাপতি মি. নিসার কাদেরের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

২০১৪ সালে যাত্রা শুরু করা এমবিএফএ বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। মালয়েশিয়ার রেজিস্ট্রার অব সোসাইটির (আরওএস) অধীনে নিবন্ধিত এ অরাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ সংগঠনটি প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধন রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

সংগঠনের নেতারা জানান, গত এক যুগের নিরলস প্রচেষ্টায় এমবিএফএ আজ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এদিকে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার প্রসারে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে ২০১৯ সালের নভেম্বরে এমবিএফএ-এর উদ্যোগে কুয়ালালামপুরে চালু হয় আর্ট কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম (এসিএলপি)। সংগীত, নৃত্য ও বাংলা ভাষা শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বর্তমানে এসিএলপি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম উপলক্ষে গত ১০ মে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) ও হেড অব চ্যান্সারি (এইচওসি) প্রণব কুমার ভট্টাচার্য, এমবিএফএ-এর সদস্যবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশিরা।

হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, শিল্প ও সংস্কৃতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রবাসে জন্ম নেওয়া শিশুদের মধ্যে মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি এমবিএফএ-এর উদ্যোগের প্রশংসা করে বলেন, এসিএলপি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার আহ্বান জানান তিনি।

এমবিএফএ-এর সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের জন্য একটি সুস্থ সাংস্কৃতিক ও শিক্ষামূলক পরিবেশ গড়ে তুলতেই এসিএলপি কাজ করছে। বাংলা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক মূল্যবোধ ও শিল্পচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নবনির্বাচিত কোষাধ্যক্ষ মো. আউয়াল হোসেন বলেন, এমবিএফএ-এর মূল উদ্দেশ্য হলো মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা। পাশাপাশি মালয়েশিয়ান ও বাংলাদেশিদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তুলতেও সংগঠনটি কাজ করছে।

প্রবাসী বাংলাদেশিদের মতে, এসিএলপি-এর কার্যক্রম নতুন করে শুরু হওয়া মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন তারা।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক