নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) সকাল ৭ টার দিকে ভূঁইগড় গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে ৮ তলা ভবনের নিচ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দ শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে বাসাটি থেকে দগ্ধ অবস্থায় মো. কালাম, তার স্ত্রী সালমা এবং তাদের তিন শিশু সন্তান মুন্না, মুন্নি ও কথাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা আরও জানায়, গুরুতর অবস্থায় দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।গ্যাস লাইনের লিকেজ থেকে বন্ধ কক্ষে গ্যাস জমে ছিল। সকালে লাইটার জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে তদন্ত শেষ হওয়ার আগে বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।












