রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। তাই দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
বুধবার (৬ মে) রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ও প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমেই জনমনে আস্থা তৈরি হয়। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে যথেষ্ট যত্নবান থাকবেন।
জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, এটি মানুষের সেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে দেশের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সমাজের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবারকে রাষ্ট্রের ক্ষুদ্রতম ইউনিট উল্লেখ করে তিনি বলেন, পরিবারে মূল্যবোধ শক্তিশালী হলে রাষ্ট্রীয় মূল্যবোধও সুসংহত হয়।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে জনগণ সমর্থন দিয়েছে। ফলে সেটি এখন শুধু দলীয় ইশতেহার নয়, বরং জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সরকারি কর্মকর্তাদের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া দ্রুত ও সম্মানের সঙ্গে সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। একজন বৃদ্ধ বা অসুস্থ মানুষ অফিসে এলে শুধু আইনগত নয়, মানবিক আচরণও জরুরি বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের আন্তরিক আচরণ সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ায়। অন্যদিকে হয়রানি মানুষের রাষ্ট্র ও সরকারের প্রতি বিশ্বাস নষ্ট করে দেয়। তাই প্রশাসনকে আরও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে অনুষ্ঠানস্থলে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।













