যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে সরকার, দুই শিক্ষার্থী হত্যার বিচার চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে মার্কিন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি জানান, “আমরা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা যায়। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।” পাশাপাশি নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।
এর আগে সকাল ৮টা ৪৭ মিনিটে লিমনের মরদেহ বহনকারী উড়োজাহাজ ঢাকায় অবতরণ করে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এর দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে তদন্তে জানা যায়, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। মোবাইল লোকেশন ও যানবাহনের অবস্থান বিশ্লেষণ করে ২৪ এপ্রিল একটি সেতু এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এবং ২৬ এপ্রিল কাছাকাছি জলাশয় থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাকে জামিন ছাড়াই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং ভুক্তভোগীদের পরিবার বা সাক্ষীদের সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এদিকে, লিমনের জানাজা যুক্তরাষ্ট্রের টাম্পায় অনুষ্ঠিত হয়, যেখানে সহপাঠী, প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্টরা অংশ নেন।
বৃষ্টির মরদেহ দেশে আনার বিষয়েও অগ্রগতি হয়েছে। পরিবারের সম্মতি নিয়ে দ্রুত মরদেহ দেশে পাঠাতে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মায়ামির বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে কাজ করছে।










