সারাদেশে ডাবল লাইনে রেল উন্নয়ন শুরু – প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধুমাত্র ঢাকা-সিলেট নয়, সারাদেশে ডাবল লাইনের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নত করতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা সারাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নত করতে চাই।
সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ডাবল লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, শুধু ঢাকা-সিলেট নয়, দেশের বিভিন্ন অঞ্চলে রেল অবকাঠামো আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন এলাকায় সুরমা নদীর দুই পাড়ে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শুধু সড়কের ওপর নির্ভর করলে হবে না, রেলখাতকে সমান গুরুত্ব দিতে হবে। এতে কম খরচে যাতায়াত যেমন সম্ভব হবে, তেমনি ব্যবসায়িক পণ্য পরিবহনও সহজ হবে।
তিনি স্মরণ করেন, পূর্বে সিলেট সফরের সময় সড়কপথের দুরবস্থার কথা তুলে ধরে দ্রুত যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকার গঠনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জানা যায়, জমি অধিগ্রহণসহ বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে একাধিক স্থানে প্রকল্পের কাজ আটকে ছিল। বর্তমানে সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করে আগামী কয়েক বছরের মধ্যেই তা সম্পন্ন করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
তারেক রহমান আরও বলেন, দেশের জনসংখ্যা বেশি হলেও আয়তন তুলনামূলক ছোট এবং বাংলাদেশ কৃষিনির্ভর দেশ হওয়ায় নির্বিচারে সড়ক সম্প্রসারণ করলে কৃষিজমি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই সড়কের পাশাপাশি রেলখাত উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, রেলব্যবস্থা উন্নত হলে মানুষ এই মাধ্যম ব্যবহারে আগ্রহী হবে, ফলে যানজট ও পরিবহন ব্যয় কমবে। বিশেষ করে ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন স্থাপনের মাধ্যমে দ্রুত ও কার্যকর রেল যোগাযোগ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।










