১১ দপ্তরে নতুন ডিজি ও ৩ প্রতিষ্ঠানে চেয়ারম্যান নিয়োগ
সরকার দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থায় একযোগে ১১ জন মহাপরিচালক (ডিজি) এবং তিনটি প্রতিষ্ঠানে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। এ বিষয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মু. জসীম উদ্দিন খান-কে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। একইভাবে ড. মো. লুৎফর রহমান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কৃষি বিপণন অধিদপ্তরের নেতৃত্বে নিয়োগ পেয়েছেন এম এম আরিফ পাশা।
এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন দিল আফরোজ এবং পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান।
অন্য নিয়োগগুলোর মধ্যে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক হয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক করা হয়েছে মো. আসাদুজ্জামান-কে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক হয়েছেন দেলোয়ার হোসেন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন দপ্তরের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মাহমুদ।
এদিকে, তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন রাজা মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাদের নতুন দায়িত্ব কার্যকর করা হয়েছে।













