বাণিজ্যমন্ত্রী
জ্বালানি মূল্য বাড়লেও নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই
জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে অজুহাত করে নিত্যপণ্য বা বাসভাড়া বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ ধরনের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রয়োজনীয় নজরদারি জোরদার করা হবে।
শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, জ্বালানি পরিস্থিতির কারণে দেশের রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন ধারণা সঠিক নয়। বরং আন্তর্জাতিক বাজারের ধীরগতিই রপ্তানিতে প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের পর তা শিল্প খাতে সরবরাহ করা হচ্ছে এবং উৎপাদন কার্যক্রম চালু রাখতে সরকার কাজ করছে। ভবিষ্যতে বিনিয়োগকারীদের কম জ্বালানি নির্ভর শিল্প স্থাপনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
শিল্প খাতে বিনিয়োগ প্রসঙ্গে মন্ত্রী জানান, কিছু প্লটে ইতোমধ্যে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও কিছু প্লট বিনিয়োগের আওতায় আনার প্রক্রিয়া চলছে। তবে কিছু জায়গায় দখলসংক্রান্ত জটিলতা রয়েছে, যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সব প্রতিবন্ধকতা দূর করে অবশিষ্ট শিল্প প্লটগুলোতেও বিনিয়োগ নিশ্চিত করা হবে, যাতে শিল্পখাত আরও সম্প্রসারিত হতে পারে।












