মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার
প্রবীণ লেখক ও সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের কলাগাছিয়া এলাকায় নদীতে ভেসে আসা একটি লাশ থেকে তাকে শনাক্ত করা হয়।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, বিকেলে স্থানীয়রা নদীতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ দেখতে পান। পরে নৌ পুলিশ লাশ উদ্ধার করে এবং রমনা থানায় করা নিখোঁজ জিডির ছবির সঙ্গে মিলিয়ে দেখে নিশ্চিত হয় যে এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “আমরা প্রায় নিশ্চিত হয়েছি এটি বিভুরঞ্জন সরকারের লাশ। তার পরিবারও এসে শনাক্ত করেছে। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”
৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত কলাম লিখতেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মতামত পাতারও নিয়মিত লেখক ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হয়েছিলেন। তবে সেদিন তিনি মোবাইল ফোন বাসায় রেখে যান এবং অফিসেও পৌঁছাননি। রাতে পরিবার তার সন্ধান না পেয়ে রমনা থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করে।
জিডির তদন্ত কর্মকর্তা এসআই অরূপ তালুকদার জানিয়েছিলেন, দেশের সব থানায় বিষয়টি জানানো হয় এবং তাকে খুঁজে পেতে পুলিশ তৎপরতা চালাচ্ছিল।












