চাকরির প্রলোভনে হানি ট্র্যাপ: প্রতারণা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
চাকরির প্রলোভন দেখিয়ে হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর শেওড়াপাড়া ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তাররা হলেন— বিপ্লব খান (৩৩), ফারিন তানহা তোফা (২৯), সম্পা আক্তার (২৪), শাহ মোহাম্মদ জোবায়ের অভিক (২৩), আল-মাসুদ (৩২), মনিকা আক্তার (১৮) ও আবু সুফিয়ান (২৭)।
প্রতারণার কৌশল
গত ১৯ আগস্ট মিরপুর এলাকায় চাকরির প্রলোভনে দুই ভুক্তভোগীকে ডেকে নিয়ে একটি ফ্ল্যাটে আটকে রাখে চক্রের সদস্যরা। সেখানে তাদের মারধর করে, নারী সদস্যদের পাশে বসিয়ে ভিডিও ধারণ করে এবং নগদ অর্থ, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। ভিডিও ফাঁস ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ভুক্তভোগীর একটি মোবাইল ফোনসহ তিনটি মোবাইল জব্দ করা হয়।
স্বীকারোক্তি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে ফেসবুক, ইমো ও টেলিগ্রামের মাধ্যমে চাকরি ও অন্যান্য প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন তারা। আত্মসম্মানের ভয়ে অনেক ভুক্তভোগী অভিযোগ না করায় তাদের প্রতারণা চলছিল নির্বিঘ্নে।
ডিবি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












