নারী গৃহকর্মী ও ক্যাফে খাতে বিদেশে কর্মী পাঠানো নিষিদ্ধ করল মিশর
নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মসংস্থান সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন রোধে নারী গৃহকর্মী ও ক্যাফে খাতে বিদেশে কর্মী পাঠানো নিষিদ্ধ করেছে মিশর সরকার। বুধবার (১ এপ্রিল) দেশটির শ্রম মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই কঠোর নিষেধাজ্ঞার কথা জানায়।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত খাতসমূহ
নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে ব্যক্তিগত বাসাবাড়িতে পরিচালিত বিভিন্ন পেশায় মিশরীয় নারীদের নিয়োগ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে,গৃহপরিচর্যা ও পরিচ্ছন্নতা,রান্না ও ব্যক্তিগত সহকারী,হোম নার্সিং এবং ক্যাফে ও রেস্তোরাঁয় সার্ভার বা কাউন্টার স্টাফ।
কে
ন এই সিদ্ধান্ত?
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদে অবস্থিত মিশরের শ্রম প্রতিনিধি কার্যালয়ের একটি প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, অনেক নারী বিদ্যমান নীতিমালা অমান্য করে বিভিন্ন নিষিদ্ধ পেশায় যুক্ত হচ্ছেন, যা বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত সরকারি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।
শ্রম মন্ত্রণালয়ের ভাষ্যমতে, বৈদেশিক শ্রমবাজারে নিয়ন্ত্রণ জোরদার করা এবং নারী শ্রমিকদের সম্ভাব্য শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ থেকে সুরক্ষা প্রদানই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
কঠোর বার্তা
মন্ত্রণালয় দেশের সকল লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটমেন্ট এজেন্সিকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠান এই নির্দেশনা লঙ্ঘন করলে তাদের কার্যক্রম স্থগিত করা হবে এবং ভবিষ্যতে লাইসেন্স বাতিলের মতো কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিশরীয় সরকারের দাবি, এই উদ্যোগ তাদের বৃহত্তর সংস্কার পরিকল্পনার অংশ। এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও সুশৃঙ্খল করা এবং প্রবাসীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।













