ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম
হরমুজ না খুললে ‘নরক নেমে আসবে ইরানে’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও কঠোর বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির ওপর ভয়াবহ সামরিক হামলা চালানো হবে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেন। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে ইরানকে একটি সমঝোতায় পৌঁছানো বা গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছিল, যার এখন শেষ পর্যায় চলছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি পদক্ষেপ না নেয়, তাহলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা—বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর ব্যাপক আক্রমণ চালানো হতে পারে। তিনি এটিকে ‘ভয়াবহ পরিণতি’ বলে উল্লেখ করেছেন।
এর আগে গত মার্চ মাসে একাধিকবার সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। ২১ মার্চ প্রথম ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তিনি। পরে ২৩ মার্চ আলোচনার অগ্রগতির কথা জানিয়ে সামরিক পদক্ষেপ সাময়িক স্থগিতের ঘোষণা দেন। এরপর ২৭ মার্চ ইরানের অনুরোধের প্রেক্ষিতে হামলা স্থগিতের সময় আরও বাড়িয়ে ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়।
সাম্প্রতিক এই ঘোষণাকে সেই সময়সীমারই শেষ ধাপ হিসেবে দেখা হচ্ছে। ফলে আগামী সোমবার (৬ এপ্রিল) ট্রাম্পের দেওয়া চূড়ান্ত ডেডলাইন হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও গভীর করতে পারে এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।
সূত্র: আল জাজিরা










