শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি শ্রমিকের বেতন বকেয়া: তদন্তে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়

অনাহারে কাটছে ৮৫ মালয়েশিয়া প্রবাসীর রমজান

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:০৫ পিএম
মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি শ্রমিকের বেতন বকেয়া: তদন্তে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়

অনাহারে কাটছে ৮৫ মালয়েশিয়া প্রবাসীর রমজান শিরোনামে ১৬ মার্চ প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিবাসী শ্রমিকদের বেতন বকেয়া ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জাবাতান তেনাগা কেরজা সেমনাঞ্জুং মালয়েশিয়া (জেটিকেএসএম) এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, এসস্টার ভিশন সেন্ডিরিয়ান বেরহাদ নামের একটি নির্মাণ ও সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধে বিলম্ব করেছে।

২০২৬ সালের ১৬ মার্চ পরিচালিত তদন্তে দেখা গেছে, কোম্পানিটিতে মোট ১৬৯ জন কর্মী কাজ করেন। এর মধ্যে ৬৫ জন স্থানীয় এবং ১০৪ জন বাংলাদেশি বিদেশি কর্মী। তদন্তে আরও জানা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বেতন প্রদানে বিলম্ব শুরু হয়। সেপ্টেম্বর মাসের বেতনের একটি অংশ ধাপে ধাপে পরিশোধ করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জেটিকেএসএমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ২৯ জন স্থানীয় কর্মীকে নিয়ে মোট ১৪টি শ্রম মামলা দায়ের করা হয়, যেখানে মোট দাবি ছিল ২ লাখ ৬৩ হাজার ৭৬ দশমিক ৭৯ রিঙ্গিত।

অন্যদিকে ২০২৬ সালে নতুন করে ১৪টি শ্রম মামলা খোলা হয়েছে, যেখানে ৮৬ জন বিদেশি কর্মী এবং ৬ জন স্থানীয় কর্মী জড়িত। এসব মামলায় মোট দাবি ৬ লাখ ৩৬ হাজার ৪১৪ দশমিক ৬৫ রিঙ্গিত, যার মধ্যে প্রায় ৫ লাখ ৭৮ হাজার রিঙ্গিত বিদেশি কর্মীদের পাওনা।

এ পর্যন্ত শ্রম আইন এক্ট ১৫৫-এর ধারা ১৯(১) ও ধারা ৬৯(৪) অনুযায়ী ১৬টি তদন্ত নথি (কেস পেপার) খোলা হয়েছে এবং আরও আটটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিভাগটি।

মানবসম্পদ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, শ্রমিকদের অধিকার সুরক্ষা সরকারের অন্যতম অগ্রাধিকার। শ্রম আইন লঙ্ঘনের কোনো ঘটনা সহ্য করা হবে না। এ বিষয়ে মানবসম্পদ মন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং কোম্পানিটির বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে প্রযোজ্য আইনের আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।

মন্ত্রণালয় জানিয়েছে, জেটিকেএসএমের মাধ্যমে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার দিকে নজর রাখা হবে। একই সঙ্গে নিয়োগকর্তাদের শ্রম আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ১৬ মার্চ মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট বিভাগ জানায়, ২০২৬ সালের ১৬ জানুয়ারি এসস্টার ভিশন এসডিএন বিএইচডি (ইভিএসবি) কোম্পানির বিরুদ্ধে ৮৫ জন বাংলাদেশি কর্মী বেতন না পাওয়ার অভিযোগ ই-মেইলের মাধ্যমে হাইকমিশনে জানান।

অভিযোগে চার মাসের বেতন বকেয়া থাকা এবং ছয়জন কর্মীর ভিসা বাতিলের বিষয় উল্লেখ করা হয়। এ বিষয়ে শ্রমিকরা মালয়েশিয়ার শ্রম দপ্তরে অভিযোগ দায়ের করেন এবং প্রথম শুনানি অনুষ্ঠিত হয় ২৮ জানুয়ারি। ওই শুনানিতে শ্রমিকদের পক্ষে বাংলাদেশ হাইকমিশনের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে হাইকমিশন কোম্পানি কর্তৃপক্ষকে আলোচনার জন্য আমন্ত্রণ জানায়। ১১ ফেব্রুয়ারি কোম্পানির সিইও, এইচআর ম্যানেজারসহ তিনজন কর্মকর্তা হাইকমিশনে এসে মিনিস্টার (শ্রম)-এর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে কর্মীদের পাওনা দ্রুত পরিশোধের অনুরোধ জানালে কোম্পানি আর্থিক সমস্যার কথা উল্লেখ করে মূল বেতনের সঙ্গে কিস্তিতে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দেয়।

পরবর্তীতে ৮ ও ৯ মার্চ প্রথম সচিব (শ্রম)-এর নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল জোহর বারুতে গিয়ে কোম্পানি কর্তৃপক্ষ ও বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা সমাধানের চেষ্টা করে।

এছাড়া ১০ ও ১১ মার্চ মামলার দ্বিতীয় শুনানিতেও হাইকমিশনের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমস্যা সমাধানের লক্ষ্যে ১৬ মার্চ কোম্পানিকে চিঠি দিয়ে শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধের জন্য পুনরায় অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।

জোহর রাজ্যের পাসির গুদাং এলাকায় ওই নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত ৮৫ জন বাংলাদেশি শ্রমিক দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় চরম মানবিক সংকটে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

শ্রমিকদের দাবি, প্রায় ছয় মাস ধরে তারা বেতন ও ওভারটাইম ভাতা পাচ্ছেন না। ফলে খাদ্য সংকট, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

তাদের অভিযোগ, গত জানুয়ারি মাসের শেষ দিক থেকে কোম্পানি খাবার সরবরাহও বন্ধ করে দিয়েছে। পবিত্র রমজান মাসে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে স্থানীয় কিছু বাংলাদেশির দেওয়া জাকাত ও সহায়তার খাবারের ওপর নির্ভর করে কোনোভাবে দিন পার করছেন তারা। অনেক সময় শুধু পানি দিয়ে ইফতার করতে হচ্ছে এবং আগের দিনের বাসি খাবার দিয়ে সেহরি সারতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে কোম্পানির মুখপাত্র ল ইয়িক হুই বলেন, বিদেশি শ্রমিকদের উত্থাপিত উদ্বেগ সম্পর্কে কোম্পানি অবগত রয়েছে এবং বিষয়টি বর্তমানে শ্রম বিভাগের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

তিনি দাবি করেন, কোম্পানি বেতন দিতে অস্বীকার করেনি এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সমস্যার সমাধান করা হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের খাবারের ব্যবস্থা এবং কিছু আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

তবে শ্রমিকরা এই দাবি অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো আর্থিক সহায়তা বা খাবার দেওয়া হয়নি।
শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং ‘রিলিজ লেটার’ দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে তারা অন্যত্র কাজের সুযোগ খুঁজে নিতে পারেন।
বিদেশে আসার জন্য নেওয়া ঋণ এবং দেশে পরিবারের খরচের চাপের কারণে তারা বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে এই মানবিক সংকটের সমাধান হবে এবং তারা তাদের ন্যায্য পাওনা ফিরে পাবেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক