এলাকায় শোকের মাতম
নিখোঁজের একদিন পর রায়পুরায় ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার
নিহত শিশু আব্দুর রহমান (৬)। ছবি- প্রতিবেদক।
নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে প্রতিবেশীর একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে মরদেহটি পাওয়া যায়।
নিহত আবদুর রহমান মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে। তিনি একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরের পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। সন্ধ্যার পর তাকে খুঁজে না পেয়ে এলাকাজুড়ে মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সন্ধান চাওয়া হয়। পরে সন্তানের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
রবিবার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মাণাধীন ভবনের ছাদে পানি দিতে গিয়ে তার স্ত্রী একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে নিহতের মা সুমি বেগম সেখানে গিয়ে মরদেহটি নিজের সন্তানের বলে শনাক্ত করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত সংশ্লিষ্ট দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।
নিহতের মা সুমি বেগম বলেন, তার সন্তান শনিবার থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে থানায় জিডি করার পর আজ সকালে প্রতিবেশীর ভবনের ছাদে তার মরদেহ পাওয়া যায়। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং মৃত্যুর সঠিক কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।










