পাষন্ড সন্তানের কাণ্ড
মোটরসাইকেল না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা, জয়পুরহাটে ছেলে গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হামলায় অভিযুক্তের মা ও বোন গুরুতর আহত হয়েছেন।
শনিবার ইফতারের পর উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আক্কাছ আলী (৫৮) ওই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন তাঁর স্ত্রী মাহমুদা বেগম (৫২) এবং মেয়ে শাবানা (৩৫)। গুরুতর অবস্থায় তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম গোলাপ হোসেন (২৮), তিনি নিহতের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ হোসেন বেশির ভাগ সময় বাড়ির বাইরে থেকে খাবার কিনে খেতেন এবং এলাকাবাসীর দাবি অনুযায়ী তাঁর কিছু মানসিক সমস্যাও ছিল। কিছুদিন ধরে তিনি বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চাইছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়।
ঘটনার দিন ইফতারের পর গোলাপ হোসেন বাড়ির দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাবা আক্কাছ আলীর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় মা মাহমুদা বেগম ও বোন শাবানা বাধা দিতে গেলে তাঁদের ওপরও হামলা করা হয়।
চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে আক্কাছ আলীর মৃত্যু হয়।
স্থানীয় এক বাসিন্দা জানান, মোটরসাইকেল কেনা নিয়ে পরিবারের মধ্যে বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করা হয়েছে। তিনি কেন এমন ঘটনা ঘটিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।










