সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

দুবাইয়ে সর্বোচ্চ সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:০৭ এম
দুবাইয়ে সর্বোচ্চ সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নিরাপত্তা কর্তৃপক্ষ দুবাইসহ গুরুত্বপূর্ণ নগরীগুলোতে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে।

​রবিবার গভীর রাত থেকে সোমবার পর্যন্ত একাধিক পর্যায়ে দুবাইয়ের বাসিন্দা ও পর্যটকদের মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠিয়ে খোলা জায়গা, দরজা ও জানালা থেকে দূরে সরে নিকটস্থ সুরক্ষিত ভবনের ভেতরে আশ্রয় নিতে বলা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবস্থান

ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং সরকারি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল ও ড্রোন প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পূর্ণমাত্রায় সক্রিয় রয়েছে।​
মন্ত্রণালয়ের হিসাবে সাম্প্রতিক হামলাগুলোর বিভিন্ন ধাপে শত শত ড্রোন ও ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়; এর বেশির ভাগই আকাশেই ধ্বংস করা হয়েছে, অল্প কয়েকটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন সমুদ্রে বা দেশটির ভেতরে পড়েছে বলে জানানো হয়েছে।

বিকট শব্দের কারণ ও শহরের পরিস্থিতি

দুবাই এবং আশপাশের এলাকায় মাঝেমধ্যে যে বিকট বিস্ফোরণের মতো শব্দ শোনা যাচ্ছে, তা মূলত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার ফল বলে কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়েছে।কিছু এলাকায় আকাশে আগুনের গোলা, ধোঁয়ার কুণ্ডলী এবং প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের আলোর রেখা দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে; স্থানীয় ও প্রবাসী অনেকেই সামাজিক মাধ্যমে ভিডিও ও ছবি প্রকাশ করেছেন।

হামলার পরিসংখ্যান ও আঞ্চলিক প্রেক্ষাপট

ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলমান ইরানি আগ্রাসনের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির দিকে নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইতোমধ্যে হাজার ছাড়িয়েছে; এর মধ্যে বিপুল অংশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা সম্ভব হয়েছে।​
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গালফ অঞ্চলের বিভিন্ন দেশে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কয়েকজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন, দুবাইয়ের কিছু হোটেল ও বাণিজ্যিক ভবনে আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।

নিরাপত্তা নির্দেশনা ও জনজীবন

ইউএইর জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে থাকার, জানালার কাঁচ থেকে দূরে থাকার, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং শুধু সরকারি ঘোষণাকেই তথ্যের উৎস হিসেবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।​
দুবাইয়ের শপিং মল, স্কুল এবং উন্মুক্ত জনসমাগমস্থলগুলোতে আংশিক বিধিনিষেধ ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে; কোথাও কোথাও আতঙ্কে মানুষ প্রয়োজনের অতিরিক্ত খাদ্য ও নিত্যপণ্য মজুত করতে শুরু করেছে বলে স্থানীয় বাসিন্দা ও বিদেশি কর্মীদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক