শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পবিত্র মাহে রমজান:

কোরআন ও হাদিসের আলোকে ইবাদতের তাৎপর্য ও গুরুত্ব

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম
কোরআন ও হাদিসের আলোকে ইবাদতের তাৎপর্য ও গুরুত্ব

ছবিঃ সংগৃহীত

রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সর্বাধিক মর্যাদাপূর্ণ ও বরকতময় মাস। এ মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, গুনাহ মাফ এবং আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ। কুরআনুল কারীম ও সহিহ হাদিসে রমজানের ইবাদত সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

আল্লাহ তাআলা বলেন আরবি: (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ) বাংলা উচ্চারণ:(ইয়া আইয়্যুহাল্লাযীনা আমানু কুতিবা  ‘আলাইকমুস সিয়ামু কামা কুতিবা ‘আলাল্লাযীনা মিন কাবলিকুম লা‘আল্লাকুম তাত্তাকূন)। অর্থ:“হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর—যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” (সূরা আল-বাকারাহ ২:১৮৩)

রমজানের বিশেষ মর্যাদার অন্যতম কারণ—এই মাসেই কোরআন নাযিল হয়েছে।
আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছেন আরবি:( شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ ) বাংলা উচ্চারণ:(শাহরু রামাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআনু হুদাল্লিন্নাসি ওয়া বাইয়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান)। অর্থ: “রমজান মাস, যে মাসে কোরআন নাযিল হয়েছে মানুষের হেদায়েতস্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে।” (সূরা আল-বাকারাহ ২:১৮৫)

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

রমজানের ফজিলত সম্পর্কে হাদিস
রোজার প্রতিদান আল্লাহ নিজে প্রদান করবেন হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম গ্রন্থে।
মূল হাদিস আরবি:( قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ ) অর্থ: রাসূলুল্লাহ ﷺ বলেন, আল্লাহ তাআলা বলেন: “মানুষের প্রত্যেক আমল তার নিজের জন্য, তবে রোজা ব্যতীত। রোজা আমার জন্য, আর আমিই এর প্রতিদান দেব।” (সহিহ বুখারী, হাদিস: ১৯০৪; সহিহ মুসলিম, হাদিস: ১১৫১)

তাছাড়া আরেকটি হাদিসে বর্ণিত আছে ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখলে গুনাহ মাফ হয় মূল হাদিস আরবি:( مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ )অর্থ: “যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়।” (সহিহ বুখারী, হাদিস: ৩৮; সহিহ মুসলিম, হাদিস: ৭৬০)

রমজান মাসে গুরুত্বপূর্ণ ইবাদতসমূহঃ 

তারাবীহ নামাজঃ রমজানের বিশেষ নফল ইবাদত হলো তারাবীহ। রাসূল ﷺ রমজানে কিয়ামুল লাইল আদায় করতেন এবং সাহাবীদেরও উৎসাহ দিতেন।
হাদিস: “যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়ামুল লাইল আদায় করে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়।”
(সহিহ বুখারী: ২০০৯; সহিহ মুসলিম: ৭৫৯)

কোরআন তিলাওয়াতঃ রমজান কোরআনের মাস। হাদিসে এসেছে, মুহাম্মদ ﷺ প্রতি রমজানে জিবরাইল (আ.)-এর সাথে কোরআন পর্যালোচনা করতেন।
(সহিহ বুখারী, হাদিস: ৪৯৯৮)

লাইলাতুল কদর অনুসন্ধানঃ আল্লাহ তাআলা বলেন: আরবি:(لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ ) উচ্চারণ:লাইয়লাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর। অর্থ:“লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।” (সূরা আল-কদর ৯৭:৩) হাদিস: “তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ কর।” (সহিহ বুখারী: ২০১৭)

ইতিকাফঃ রাসূল ﷺ রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। (সহিহ বুখারী: ২০২৬; সহিহ মুসলিম: ১১৭১)

দান-সদকা ও যাকাতঃ রমজানে দানের ফজিলত বহুগুণ বৃদ্ধি পায়। রাসূল ﷺ ছিলেন সবচেয়ে দানশীল, বিশেষত রমজানে। (সহিহ বুখারী: ৬)

রমজানের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন, আত্মসংযম, ধৈর্য, দরিদ্রের কষ্ট অনুধাবন, গুনাহ থেকে বিরত থাকা এবং আল্লাহর নৈকট্য লাভ। রমজান কেবল খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়; বরং চোখ, কান, জিহ্বা ও অন্তরকেও গুনাহ থেকে সংযত রাখা প্রকৃত রোজার দাবি।

রমজান আল্লাহপ্রদত্ত এক মহা নিয়ামত। এ মাসে রোজা, তারাবীহ, কোরআন তিলাওয়াত, ইতিকাফ, দান-সদকা, লাইলাতুল কদর অনুসন্ধান—এসব ইবাদত মুমিনের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। আসুন,আমরা রমজানকে যথাযথ মর্যাদায় গ্রহণ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সর্বোচ্চ চেষ্টা করি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রকৃত ফজিলত অর্জনের তাওফিক দান করুন। আমিন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক