সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

৭৪ লাখ টাকাসহ আটক জেলা জামায়াত আমির অসুস্থ হয়ে হাসপাতালে

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম
৭৪ লাখ টাকাসহ আটক জেলা জামায়াত আমির অসুস্থ হয়ে হাসপাতালে

ছবিঃ সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনের আগের দিন বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ফ্লাইটে সৈয়দপুরে অবতরণের পর তাকে বিমানবন্দর এলাকা থেকেই আটক করা হয়।​

বিমানবন্দরে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে বেলাল উদ্দিনকে চিহ্নিত করে আটক করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানবন্দর পুলিশকে অবহিত করেন। পরে তার বহন করা লাগেজ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বেলাল উদ্দিন জানান, তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধকোটি টাকার বেশি; পরবর্তীতে গণনা করে এই টাকার পরিমাণ ৭৪ লাখ টাকা বলে জানায় পুলিশ।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে এবং উদ্ধার করা টাকার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, এত বেশি পরিমাণ নগদ অর্থ নিয়ে নির্বাচনের ঠিক আগের দিন এক জেলা পর্যায়ের রাজনৈতিক নেতার ভ্রমণ অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। টাকার উৎস কোথায়, কাদের কাছে বা কোন কাজে এই টাকা পৌঁছানোর কথা ছিল, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা থেকে সৈয়দপুরগামী ফ্লাইটে ওঠার আগেই বেলাল উদ্দিনের কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ থাকার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই বিমানবন্দরে তার আগমন পর্যবেক্ষণে রাখা হয়। বেলাল উদ্দিনের সঙ্গে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আরেক নেতা উপস্থিত থাকলেও, প্রাথমিকভাবে তাকে আটক করা হয়নি বলে জানা গেছে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেলাল উদ্দিন অসুস্থ বোধ করলে তাকে প্রথমে বিমানবন্দর এলাকার স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সযোগে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।​

উদ্ধার হওয়া বিপুল টাকার উৎস ও সম্ভাব্য ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তবে নির্বাচনকে ঘিরে এই অর্থ স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার বা ভোটারদের ওপর প্রভাব খাটানোর কাজে ব্যবহার হতে পারে কি না, সে বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্যে। একই সঙ্গে টাকার প্রকৃত মালিকানা, ব্যাংকিং চ্যানেলের বাইরে বিপুল অর্থ বহনের কারণ এবং এ ঘটনায় আর কারও সম্পৃক্ততা আছে কি না—তা উদঘাটনে যৌথভাবে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।

এদিকে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতৃত্ব এক জরুরি সংবাদ সম্মেলনে বেলাল উদ্দিন প্রধানের আটকের ঘটনাকে ‘সাজানো নাটক’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের আগে নেতাকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তৈরি এবং জনমত প্রভাবিত করার জন্যই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা উদঘাটনের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক